চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গত রোববার জামায়াতে ইসলামী ও বিএনপির ৭৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ দাবি করেছে, মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর গায়েবানা জানাজা পড়ার পর তাঁরা মিছিল বের করেছিলেন। মিছিল থেকে ভাঙচুর করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আল-কাউসার ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক গোলাম ফারুক ইয়াহিয়া (৪৩) ও উপজেলার বলিয়া গ্রামের জাকির হোসেন (৪৫)। এঁরা দুজনই জামায়াতের কর্মী।
আর পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলার ৭৯ আসামির মধ্যে আছেন উপজেলা জামায়াতের আমির মীর হোসেন, সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, পৌর জামায়াতের আমির আবুল হাসনাত, সেক্রেটারি মো. কবির হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফজরের নামাজের পর নেতা-কর্মীরা দুজনের গায়েবানা জানাজা পড়েছেন। সেখানে আমি উপস্থিত ছিলাম না। তারপরও আমাকে আসামি করা হয়েছে।’
অবৈধ জমায়েত ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে রোববার রাতে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে জামায়াত ও বিএনপির ৭৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা জানাজা পড়ার পর মিছিল করে গাড়ি ভাঙচুর করেছিলেন।’
মামলার তদন্ত কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন প্রথম আলোকে বলেন, সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরের পর আল-কাউসার স্কুল প্রাঙ্গণে রোববার ভোরে উপজেলা জামায়াতের আমির মাওলানা মীর হোসাইনের নেতৃত্বে গায়েবানা জানাজা পড়েন জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা। সড়কে টহলরত পুলিশ খবর পেয়ে সেখান থেকে দুজনকে আটক করে। অন্যরা পালিয়ে যান।