গায়ের কম্বল ও কাপড় শৌচাগারের দরজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শৌচাগারের দরজা নষ্ট দীর্ঘদিন ধরে। বাধ্য হয়ে গায়ের কম্বল ও কাপড় দিয়ে দরজা বানানো হয়েছে। এতে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কেউ ঢুকলে অন্যজনকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হয়।’
কথাগুলো বলছিলেন আদালতে হাজিরা দিতে আসা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দী রফিকুল ইসলাম। শুধু ওই বন্দী নন, কারাগারে আটক হাজার হাজার বন্দীকে প্রতিদিন এ নাজুক অবস্থার মুখোমুখি হতে হয়। এতে বন্দীদের মধ্যে বিরাজ করছে অসন্তোষ।
তবে কারা কর্তৃপক্ষ বলছে, শৌচাগারের দরজাগুলো মেরামতের জন্য গণপূর্ত বিভাগকে বলা হলেও কিছুই হচ্ছে না। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে জানান, কারাগারের প্রায় ১৫০টি শৌচাগারের দরজা দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও মেরামত করছে না গণপূর্ত বিভাগ। এতে বন্দীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জরুরি মেরামত ও সংস্কারের জন্য কয়েক দিন আগে একটি চিঠিও দেওয়া হয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, ‘অনেক দরজা ভাঙা রয়েছে জেনেছি। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।’
কারা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে পাঁচ হাজার বন্দী রয়েছেন। কারাগারের পাঁচতলা বিশিষ্ট পদ্মা, কর্ণফুলী, সাংগু ও হালদা ভবনের শৌচাগারগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। বন্দীদের ওয়ার্ডগুলোয় শৌচাগারের লোহার দরজাগুলো নষ্ট হওয়ায় পুরোনো কম্বল ও গায়ের কাপড় দিয়ে দরজা বানিয়েছেন বন্দীরা। কারাগারে ধারণক্ষমতা রয়েছে এক হাজার ৭০০ জনের। সেখানে বর্তমানে রয়েছেন তিন গুণ বন্দী। তাঁদের সংখ্যা বাড়লেও বাড়েনি শৌচাগারের সংখ্যা।
গত বুধবার আদালতে হাজিরা দিতে আসা বন্দী মো. হানিফ, আবদুল জাব্বার ও রহিম উদ্দিন প্রথম আলোকে জানান, শৌচাগারের দরজা না থাকায় কাপড়ের পর্দা ও কম্বলে ময়লা-আবর্জনা লেগে থাকে। গণহারে ব্যবহারের ফলে কম্বল ও পর্দা পানিতে ভিজেও যায়। এ অবস্থায় শৌচাগার ব্যবহার করলে গায়েও লেগে যায়। কিন্তু বাধ্য হয়ে ব্যবহার করতে হয়। পরিষ্কার হওয়ার জন্য গোসল করতে হয়। বিষয়টি নিয়ে কারা কর্তৃপক্ষকে অনেক বন্দী গালাগালও করে থাকে।