গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাইলে ভবিষ্যৎ ভয়াবহ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব অভিযোগ করেছেন, রাজনৈতিক দলগুলোকে সভা, মিছিল-মিটিং করতে দেওয়া হচ্ছে না। বিরোধী মতকে উপেক্ষা করা হচ্ছে। দেশে আজ গণতন্ত্র ও সুশাসন নেই। তিনি বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাইলে ভবিষ্যৎ অত্যন্ত ভয়াবহ হবে।
গতকাল শনিবার দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আ স ম আবদুর রব এসব কথা বলেন।
আ স ম রব দাবি করেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ছাত্রলীগ, যুবলীগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় প্রতিদিন হত্যা, ধর্ষণের মতো ঘটনা ঘটছে। হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে হামলা হচ্ছে। হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করা হচ্ছে।
জেএসডির সভাপতির দাবি, যদি গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করা হতো, সভা, সেমিনার, মিছিল-মিটিং করার সুযোগ থাকত, তাহলে অরাজক পরিস্থিতির সৃষ্টি হতো না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জঙ্গি বলে বিনা বিচারে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেএসডির নোয়াখালী জেলা সভাপতি এম এ জলিল। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মালেক, স্টিয়ারিং কমিটির সদস্য তানিয়া রব, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, জেলা সাধারণ সম্পাদক কাউসার নিয়াজি প্রমুখ।