গায়ের রং কালো হওয়ায় নির্যাতন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর এলাকায় জামিল হোসেন নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শরিফা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
শরিফা বলেন, গায়ের রং কালো হওয়ায় স্বামী তাঁকে প্রায়ই মারধর করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শনিবার স্বামীর কাছে ছেলেকে রেখে শরিফা ফুলবাড়িয়া মহল্লার রাশেদা বেগমের বাড়িতে ঝিয়ের কাজে যান। বেলা দুইটার দিকে তিনি কাজ শেষ করে বাড়িতে ফেরেন। এ সময় কিছু না বলেই জামিল তাঁর ওপর চড়াও হন। প্লাস ও নক কাটার কল দিয়ে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। এতে তাঁর ওপরের ও নিচের চোয়ালের পাঁচটি দাঁত ভেঙে যায়। টের পেয়ে প্রতিবেশী ও স্বজনেরা এসে তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলী বলেন, শরিফার পাঁচটি দাঁত ভেঙে গেছে। কপালেও জখম আছে।
শরিফার স্বজনেরা জানান, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অসিম মিয়ার ছেলে জামিল হোসেনের সঙ্গে আড়াই বছর আগে শরিফার বিয়ে হয়। এ দম্পতির ১০ মাস বয়সের একটি ছেলেসন্তান রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শরিফা প্রথম আলোকে জানান, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। মা-বাবা না থাকায় শহরের আইনজীবী ওয়াছেক আলী তাঁকে ১০ বছর ধরে লালন-পালন করেন। তিনি ওয়াছেক আলীর মেয়ে রাশেদা বেগমের বাড়িতেও পাঁচ বছর ছিলেন। আড়াই বছর আগে জামিল হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের সময় জামিলকে দেড় লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়। কিন্তু তিনি দেখতে খারাপ হওয়ায় জামিল প্রায়ই তাঁকে মারধর করতেন।
শরিফা বলেন, ‘মারধরের একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি এ নির্যাতনের বিচার চাই।’ জামিল একটি ক্যান্টিনের কর্মী। এ ব্যাপারে জামিল হোসেনের সঙ্গে কথা বলতে গেলে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। পরে জামিলের কর্মস্থলে গিয়েও তাঁর সন্ধান মেলেনি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। জামিলকে আটকের চেষ্টা চলছে।