গায়েহলুদ অনুষ্ঠানেই বাল্যবিবাহ বন্ধ
ফেনীতে ১৩ বছরের এক শিশুকন্যার বিয়ের দিন-তারিখ ঠিক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাড়িতে বর আসার কথা ছিল, বিয়ে হবে। কিন্তু গত বুধবার সন্ধ্যায় গায়েহলুদ অনুষ্ঠানেই বিয়ে ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ওই শিশু ফেনী পৌরসভার বারাহিপুর শহীদ মেজর সালাহউদ্দিন (বীর বিক্রম) উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। বুধবার সন্ধ্যায় শহরের সুলতানপুর গ্রামে কনের বাড়িতে গায়েহলুদ অনুষ্ঠান চলছিল। এ সময় সেখানে পুলিশসহ হাজির হন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ মনসুর উদ্দিন। তিনি বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং ওই শিশুকন্যার বাবাকে এক হাজার টাকা জরিমানা করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর সৈয়দ নগরপাড়ার আবুল হাসেম তাঁর সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বয়স ১৮ বছর দেখিয়ে একটি ভুয়া জন্মসনদ সংগ্রহ করেন। গত বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীর গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। ওই ছাত্রীর সহপাঠী বন্ধুরা বাল্যবিবাহের খবর জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে খবরটি পাঠায়। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ মনসুর উদ্দিন দ্রুত পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন। সেখানে তিনি মেয়েটির ১৩ বছরের প্রকৃত জন্মসনদ উদ্ধার করেন এবং জিজ্ঞাসাবাদে তার মা-বাবাও মেয়েটির বয়স ১৩ বছর বলে সত্যতা স্বীকার করেন। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনসুর উদ্দিন বাল্যবিবাহ বন্ধের সত্যতা নিশ্চিত করেন।