গিঁটে গিঁটে সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারথী রানী। ছবি: সংগৃহীত।
সারথী রানী। ছবি: সংগৃহীত।

পিসিমা বলতেন, ‘বাচ্চা ধরলে’ পুণ্য হয়, ভগবানকে পাওয়া যায়। সারথী রানী বিশ্বাস তাঁর পিসিমার এ কথা মনেপ্রাণে বিশ্বাস করেন। বিয়ের আগে পিসিমার সঙ্গে আর তারপর নিজেই তাঁর ভাষায় ‘বাচ্চা ধরা’ বা বাচ্চা প্রসব করানোর কাজ করে চলছেন। সারথী পড়াশোনা করেননি। হিসাব জানেন না। তাই লম্বা চিকন দড়িতে গিঁট দিয়ে দিয়ে হিসাব রাখছেন কতটি সন্তান প্রসবের কাজে সহায়তা করলেন। গিঁটের হিসাব ৮০০ ছাড়িয়েছে।

নড়াইলের কালিয়া থানার সারথী রানী এক ছেলে এক মেয়ের মা। মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে ঢাকায় চাকরি করছেন। ২০১২ সালে স্বামী কৌশিক লাল বিশ্বাস মারা গেছেন। বয়স হয়েছে, শরীর চলতে চায় না, কিন্তু এলাকার কেউ ডাকলে না গিয়ে তিনি থাকতে পারেন না। এখন পুণ্য বা স্বর্গে যাওয়ার চিন্তা যতটা না কাজ করে, তার চেয়ে কোনো মানুষকে বিপদ থেকে রক্ষা করতে হবে, সেই চিন্তা বেশি কাজ করে। পিসিমা বলছিলেন, ৪৭৫টি সন্তান প্রসব করাতে পারলে স্বর্গে যাওয়া যাবে। সেই হিসাব তিনি পূরণ করে ফেলেছেন। সন্তান প্রসব করানোর জন্য তিনি টাকা বা কোনো পারিশ্রমিক নেন না।

সারথী রানীর ছেলে উত্তম কুমার বিশ্বাসের সঙ্গে সম্প্রতি ঢাকায় এসেছিলেন। তখনই প্রথম আলো কার্যালয়ে বসে প্রতিবেদকের সঙ্গে তাঁর কথা হয়। জানালেন, মায়ের অবস্থা খারাপ এবং শেষ পর্যায়ে তাঁকে ডাকায় হাতে গোনা দু-একটি নবজাতককে বাঁচাতে পারেননি তিনি।

নিজের গ্রাম ধুসাহাটি এবং আশপাশের কয়েকটি গ্রামে নানি, মা এবং মেয়ের অর্থাৎ কয়েক প্রজন্মের সন্তান প্রসব করিয়েছেন সারথী। সারথী রানীর ভাষায়, ‘কেউ ডাক দিলি তো আর থাকতি পারি না। একটা মেয়ে আর একটা বাচ্চাকে বাঁচাতি হবে।’ এলাকায় সারথীর নামই হয়ে গেছে “বিপদের বন্ধু”। হিন্দু, মুসলমান সবাই সারথীকে সম্মান করেন।’ 

পড়াশোনা জানেন না বলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ধাত্রী প্রশিক্ষণে অংশ নিলেও ১১ দিনের মাথায় ফিরে আসতে হয়। সে-ও তো কয়েক যুগ আগের কথা। কিন্তু দমে যাননি সারথী। বিয়ের আগে পিসিমার সঙ্গে বাচ্চা প্রসব করানোর প্রশিক্ষণ পেয়েছিলেন হাতে কলমে। এর সঙ্গে যোগ হয় ১১ দিনের প্রশিক্ষণ। সারথী জানালেন, ১১ দিনের প্রশিক্ষণে তিনি নানান গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষা পেয়েছিলেন। হাতে গ্লাভস পরতে হবে, স্যাভলন ব্যবহার করতে হবেসহ টুকিটাকি শিক্ষা তিনি সব সময় মেনে চলার চেষ্টা করছেন। এ ছাড়া সারথীর বাড়িতেই বাচ্চাদের টিকাদান কর্মসূচি, নারীদের পরিবার পরিকল্পনা পদ্ধতি বিতরণসহ সরকারের নানান কার্যক্রম চলে। এসব কার্যক্রম থেকেও সারথী অনেক তথ্য জানতে পারেন।
হাতের কড় মেপে বা গর্ভবতী নারীর পেটে হাত দিয়েই সারথী বুঝতে পারেন স্বাভাবিক প্রসব করা সম্ভব কি না। যদি দেখেন তিনি পারবেন না, তা সরাসরি বলে দেন। উপজেলা হেলথ কমপ্লেক্স না কোথায় নিতে হবে, তা-ও সুপারিশ করেন। তবে সুপারিশ করেও সারথী রানীর রেহাই মেলে না। গর্ভবতী নারীর পরিবারের সদস্যরা বায়না ধরেন হেলথ কমপ্লেক্স পর্যন্ত সারথী রানীকে যেতে হবে। সারথী রানী নিজের সংসারের কাজ ফেলে রওনা দেন। কালিয়া হেলথ কমপ্লেক্সের চিকিৎসকদের কাছেও সারথী রানী পরিচিত হয়ে গেছেন। সারথী সঙ্গে করে রোগী নিয়ে গেলে পরিবারের সদস্যদের কাছ থেকে না শুনে সারথী রানীর কাছ থেকে রোগীর সমস্যার কথা শোনেন।

সারথী জানালেন, চিকিৎসকেরা কেমন করে প্রসূতিকে ধরেন, বাচ্চা বের করার পর কী কী করেন, তা খুব মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করেন। কিন্তু সব এখন পর্যন্ত শিখতে পারেননি। বিশেষ করে বাচ্চা বের করার পর চিকিৎসকেরা বাচ্চাকে একটা ব্যায়াম করান, তা শিখতে পারেননি। বাচ্চা প্রসব করলেই তো দায়িত্ব শেষ হবে না, বাচ্চার ঠান্ডা লাগছে কেন, খাচ্ছে না কেন—এসব প্রশ্নের উত্তর দিতে হয় সারথী রানীকে।

সন্তান প্রসব করাতে গিয়ে স্বামীর গালমন্দ শুনতে হয়েছে। সারথী জানালেন, বহু বছর বাচ্চা প্রসব করানোর পর ‘অপবিত্র’ বলে স্বামী ১৫ দিন পর্যন্ত তাঁর হাতের রান্না খেতেন না। এ সময় এগিয়ে আসতেন শাশুড়ি। তিনি রান্না করতেন, একই সঙ্গে ছেলের বউ যে কাজ করছেন, তাতে উৎসাহ দিতেন।

সারথী জানালেন, একটা সময় গর্ভবতী নারীদের যাওয়ার কোনো জায়গা ছিল না। অনেকের আর্থিক সংগতিও নেই হাসপাতাল পর্যন্ত যাওয়ার। তবে এখন সরকারের অনেক হাসপাতাল হওয়ায় রোগীর সঙ্গে হাসপাতাল পর্যন্ত যাওয়ার হাঙ্গামা থাকলেও সারথী রানী অনেকটাই নিশ্চিন্ত।

অস্ত্রোপচার করে সন্তান প্রসবের চেয়ে স্বাভাবিক প্রসব মা ও সন্তানের জন্য অনেক ভালো বলে মনে করেন সারথী।
জীবনের পড়ন্ত বেলায় প্রায় ৭০ ছুঁই ছুঁই সারথী রানী জানালেন, এখন আর তাঁর প্রশিক্ষণ নেওয়ার বয়স নেই। তাঁর কাজে এলাকার এক নারী মহিতন সহযোগিতা করেন। নিজের মেয়ে লিলি এসএসসি পর্যন্ত পড়েছে, সে-ও মাকে সহায়তা করে। মেয়ে সরকারের কাছ থেকে বিভিন্ন প্রশিক্ষণও পেয়েছে।

সারথীর সারা জীবনের অর্জন সম্পর্কে জানতে চাইলে বলেন, প্রতিবার প্রসবে দুটি করে জীবন বাঁচাতে পেরেছেন এই তাঁর অর্জন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মা ও শিশু স্বাস্থ্য) মোহাম্মদ শরীফ প্রথম আলোকে বলেন, ‘এখন প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রসবের হার বাড়ানোর বিষয়টিতে সরকার গুরুত্ব দিচ্ছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে দক্ষ প্রসব সহায়তাকারীর সহায়তায় প্রসবের হারও বেড়েছে। তবে এ কথা সত্য যে একসময় সারথী রানীর মতো মানুষেরাই গর্ভবতী নারীর সহায় ছিলেন। তাই সারথী রানীদের মতো যাঁরা, তাঁদের অবদান অস্বীকার করা যাবে না।’