গিনিতে আটক বাংলাদেশি জাহাজ ও নাবিকের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনি জটিলতায় গিনির কোনাক্রি বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমবি দাহিয়াতুল কালবি’ও এর নাবিকেরা আট মাস পর আজ বুধবার মুক্তি পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি দাহিয়াতুল কালবি নাবিকদের নিয়ে ২০১৪ সালের ৩০ অক্টোবর কোনাক্রি বন্দরে পৌঁছায়। দেরিতে পৌঁছানোর অভিযোগে গিনির স্থানীয় আদালতে মামলা দায়ের করে নাবিকসহ জাহাজটি প্রথমবারের মত ৭ নভেম্বর আটক করা হয়। পরে ওই জাহাজের বিরুদ্ধে আরও মামলা দায়ের করা হয়। জাহাজের মালিক পক্ষ ও এবং সমুদ্র পরিবহন অধিদপ্তর বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বছরের ২৬ মে জানায়। মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে জাহাজ এবং নাবিকদের মুক্তির অনুরোধ জানিয়ে গিনির পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেন। গিনি-তে বাংলাদেশের দূতাবাস না থাকায়, মরক্কোর রাজধানী রাবাতের বাংলাদেশ দূতাবাস চিঠিটি গিনি সরকারের কাছে পৌঁছে দেয়।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গত জুনে জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে গিনির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের কাছে বিষয়টি উপস্থাপন করেন। তিনি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি দাহিয়াতুল কালবি’ এবং নাবিকদের দ্রুত মুক্তি দিতে গিনি সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিশেষ অনুরোধ জানান। তাছাড়া মরক্কোর রাবাতের বাংলাদেশ দূতাবাস গিনি সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করে আসছিল। এর ধারাবাহিকতায় এবং জাহাজের মালিক পক্ষের প্রচেষ্টায় এমভি দাহিয়াতুল কালবিকে নাবিকসহ কোনাক্রি বন্দর থেকে মুক্তি দেওয়া হয়েছে।