গিনেজ ওয়ার্ল্ড বুকে ঢাকার রিকশা
গিনেজ ওয়ার্ল্ড বুকে স্থান পেয়েছে ঢাকার রিকশা। ২০১৫ সালের ওয়ার্ল্ড গিনেজ রেকর্ডস বইটির ১৮৮ পৃষ্ঠার ‘আরবান ট্রান্সপোর্ট’ অংশে ‘মোস্ট সাইকেলস রিকশা ইন ওয়ান সিটি’ শিরোনামে এটি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের ওয়াক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের গণমাধ্যম কর্মকর্তা সৈয়দ সাইফুল আলমের প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে বলে জানা গেছে। সৈয়দ সাইফুল আলম গতকাল শনিবার রাতে প্রথম আলোকে জানান, ঢাকার রিকশা নিয়ে তিনি ইংরেজিতে একটি ব্লগ লিখেছিলেন। সেই ব্লগ পড়ে গিনেজ বুক থেকে এ বছরের ফেব্রুয়ারি তাঁর সঙ্গে যোগাযোগ করে ঢাকার রিকশার চলাচলের পরিসংখ্যান ও বিভিন্ন তথ্য চাওয়া হয়। এরপর তিনি বিস্তারিত তথ্য দেন। সেই তথ্য যাচাই-বাছাই করে এখন স্থান পেয়েছে গিনেজ বুকে।
গিনেজ বুক তাদের প্রকাশিত বইয়ে লিখেছে, ঢাকায় পাঁচ লাখের বেশি রিকশা চলাচল করে। দেড় কোটি মানুষের এই শহরে মোট যাতায়াতের ৪০ ভাগ হয় রিকশার মাধ্যমে।