গিনেস বুকে জাতীয় সংগীত ওঠায় হাসিনার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

লাখো কণ্ঠে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়ায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ শুক্রবার প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ কথা জানান। খবর বাসসের।

দেশবাসীসহ সবাইকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এ রেকর্ডের মাধ্যমে বাঙালি জাতি আবারও প্রমাণ করল দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ দেশ একদিন বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলায় পরিণত হবে।’

এ আয়োজনের উদ্যোক্তা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার, র্যাব, বিজিবিসহ অংশগ্রহণকারী ছাত্র-শিক্ষক, গার্মেন্টস কর্মী এবং আপামর জনতাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যে জাতি রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, তাদের জন্য এটা অসম্ভব ছিল না।

২৬ মার্চ স্বাধীনতা দিবসে সর্বোচ্চ সংখ্যক লোক একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেওয়ায় গিনেস কর্তৃপক্ষ গত বুধবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাম রেকর্ডভুক্ত করে।