গিয়াস কামাল মানুষের পাশে দাঁড়াতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুমুখী ব্যস্ততার মাঝেও তিনি মানুষের বিপদে পাশে দাঁড়াতেন। অনেক সময় পেশাগত ও ব্যক্তিগত জীবনে বিঘ্ন ঘটলেও মানুষের উপকার করাই ছিল তাঁর ব্রত।
সদ্যপ্রয়াত প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মরণে গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে দীর্ঘদিনের বন্ধু, সহচর, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে এসব কথা বলেন।
গিয়াস কামাল চৌধুরী গত ২৬ অক্টোবর মারা যান। তাঁর স্মরণে জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন স্মরণসভা আয়োজন করে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বাংলাদেশে যে কজন সাংবাদিককে তাঁর কাজের জন্য মানুষ মনে রাখবে, গিয়াস কামাল তাঁদের মধ্যে একজন। তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, গিয়াস কামাল ছিলেন মানবিকতা ও দায়িত্ববোধসম্পন্ন একজন মানুষ। বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, মুক্ত গণমাধ্যমের জন্য তিনি প্রায় জীবনভর কাজ করেছেন।
স্মরণসভায় গিয়াস কামালের স্মৃতিচারণা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, গিয়াস কামালের ছেলে রফিকুম মুনীর চৌধুরী প্রমুখ।