গিয়াসউদ্দিনকে অপহরণের আগে মুঈনুদ্দীন-আশরাফ বাসায় আসেন
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী ফরিদা বানু। তিনি শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদের ছোট বোন।
জবানবন্দিতে ফরিদা বানু বলেন, একাত্তরের ১৪ ডিসেম্বর তাঁর ভাইকে ধরে নেওয়ার কিছুক্ষণ আগে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান ভাইয়ের বাসায় ভাইয়ের খোঁজে এসেছিলেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ফরিদা বানুর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।
জবানবন্দিতে ফরিদা বানু বলেন, তিনি ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে অবসর নিয়েছেন। একাত্তরে তিনি আজিমপুরের সরকারি কোয়ার্টারে থাকতেন। তাঁর বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ মুহসীন হলের হাউস টিউটর ছিলেন। এ সময় তাঁর ভাই হল-সংলগ্ন বাসায় থাকতেন। মুক্তিযুদ্ধকালে তাঁর ভাই নানাভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন। একাত্তরের ১৩ ডিসেম্বর তাঁদের আজিমপুরের বাসা খালি করতে বলা হলে তিনি পরিবার নিয়ে ভাইয়ের বাসায় ওঠেন। পরদিন ১৪ ডিসেম্বর বাসায় পানি না থাকায় সকালে তাঁর ভাই পানির খোঁজে হলের পাম্প হাউসে যান। সকাল আটটার দিকে তাঁর স্বামী ভাইয়ের বাসার দোতলা থেকে কয়েকজন যুবককে দেখেন। তাঁদের মধ্যে দুজনের হাতে অস্ত্র ছিল। ওই দুইজন তাঁদের বাসায় ঢুকে গিয়াসউদ্দিনের খোঁজ করে তাঁকে না পেয়ে চলে যান। কিছুক্ষণ পর ওই দুই যুবক আবার বাসায় এসে ঘরে ঢুকে গিয়াসউদ্দিনের খোঁজ করার সময় গিয়াসউদ্দিনের ভাগনি মাসুদা বানুর (রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী) সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। এ সময় মাসুদা বানু দুই যুবককে চিনতে পারেন। তাঁরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তত্কালীন ছাত্র সংগঠন) সদস্য। মাসুদা তাঁদের ছাত্র সংঘের বিভিন্ন মিছিল ও সভায় দেখেছিলেন। তাঁরা হলেন চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান। পরে অস্ত্রধারী দুজন গিয়াসউদ্দিনকে খুঁজতে বাসা থেকে তাঁর মামাতো ভাই গোলাম কিবরিয়াকে সঙ্গে নিয়ে যান।
রাষ্ট্রপক্ষের এ সাক্ষী বলেন, কিবরিয়া বাসায় এলে তাঁরা তাঁর কাছে শোনেন, তাঁর ভাইকে ওই অস্ত্রধারীরা মুহসিন হলের পাম্প হাউসের গেট থেকে ধরার পর হলের দারোয়ান রহিমের কাছ থেকে গামছা নিয়ে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। দেশ স্বাধীনের পর তাঁরা বিভিন্ন স্থানে ভাইকে খুঁজতে থাকেন। পরে তাঁরা জানেন, সামাদ নামের এক পুলিশ কর্মকর্তা তাঁর ভাইকে অপহরণ করে নিয়ে যাওয়া মাইক্রোবাসের চালক মফিজকে ধরেছেন। জিজ্ঞাসাবাদে মফিজ মিরপুরের একটি এলাকা দেখিয়ে দিয়ে জানান, গিয়াসউদ্দিনসহ আরও কয়েকজন বুদ্ধিজীবীকে অপহরণ করে এখানে নিয়ে আসার পর আশরাফুজ্জামান তাঁদের গুলি করে হত্যা করেন। ৫ জানুয়ারি তাঁরা ওই স্থানে গিয়ে ভাইয়ের গলিত লাশ শনাক্ত করেন।
ফরিদা বানু আরও বলেন, দেশের স্বাধীনতার পর পত্রপত্রিকায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের ছবি-সংবলিত প্রতিবেদন দেখে তাঁরা জানেন, একাত্তরে বুদ্ধিজীবী অপহরণ ও হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন। এ সময় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে তিনি আরও জানেন, আশরাফুজ্জামানের বাসা থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ওই ডায়েরিতে ২০ জন বুদ্ধিজীবীর একটি তালিকা পাওয়া যায়। যাঁদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের নামের পাশে টিক চিহ্ন ছিল। ওই ডায়েরিতে আরও লেখা ছিল, আশরাফুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। জবানবন্দি শেষে ফরিদা বানুকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।
আইনজীবী মত (সাজেশন) দেন, আপনার ভাই অপহরণ ও হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না।
জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। ফরিদা বানুর সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী রোববার দিন ধার্য করা হয়।