গির্জাগুলোয় বড়দিনের প্রস্তুতি
কাল বড়দিন। খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবক্তা যিশুখ্রিষ্ট পশ্চিম তীরের বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। বড়দিনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকার গির্জাগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
খ্রিষ্টধর্মের অনুসারীদের অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, আনন্দঘন এ দিনটির জন্য কয়েক সপ্তাহ আগে থেকেই খ্রিষ্টান সমাজে প্রস্তুতির ধরন দুই রকমের হয়। একটি আধ্যাত্মিক, অপরটি জাগতিক।
যিশুর ‘আগমন কাল’ থেকেই আধ্যাত্মিক প্রস্তুতির শুরু। ২৫ ডিসেম্বরের আগের ৪টি রোববার থেকে শুরু হয় আগমন কাল। ছোট্ট শিশু যিশুকে হৃদয়ে বরণ করে নিতেই এ প্রস্তুতি। এখন বিভিন্ন গির্জায় চলছে ‘পাপ স্বীকার পর্ব’। এ পর্বে সারা বছর নিজেদের কৃতকর্মের জন্য নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা চান খ্রিষ্টের অনুসারীরা। নিজের অন্তরকে পরিষ্কার করে তোলেন খ্রিষ্টের আগমনের প্রতীক্ষায়। এসব নিয়েই আধ্যাত্মিক প্রস্তুতি।
আর জাগতিক প্রস্তুতির মধ্যে আছে গির্জাঘর সাজানো, গোশালা তৈরি, তিন পণ্ডিতের পথপ্রদর্শকের প্রতীক হিসেবে তারা প্রজ্বালন, নিজের ও পরিবারের জন্য নতুন জামাকাপড় কেনাকাটা, পিঠা তৈরি ও বিতরণ, ঘর সাজানোর সামগ্রী কেনা প্রভৃতি।
রাজধানীর বিভিন্ন ক্যাথলিক গির্জা, রমনা সেন্ট মেরীস ক্যাথিড্রাল গির্জা, আসাদগেট সেন্ট খ্রিষ্টিনা গির্জা, লক্ষ্মীবাজার পবিত্র ক্রুশের গির্জা এবং তেজগাঁও জপমালা রানির গির্জায় সরেজমিনে এই দুই ধরনের প্রস্তুতিই চোখে পড়ে। নানান ধরনের ঘর সাজানোর সামগ্রী দিয়ে সাজানো হচ্ছে গির্জার ভেতরে ও বাইরে। গির্জার ভেতরে খড়কুটো বিছানো গোশালা। সেখানে শিশু যিশুর মূর্তির সঙ্গে আরও কিছু মূর্তি। এ ছাড়া ক্রিসমাস ট্রি, নানান নকশার রঙিন কাগজ, জরি, চেইন, আলোকসজ্জা দিয়ে সাজানো হচ্ছে গির্জাঘর। আর এতে ছোট শিশু থেকে শুরু করে যুবক, বৃদ্ধ সবাই হাত লাগাচ্ছে।
তেজগাঁও গির্জায় সাজসজ্জার কাজে ব্যস্ত ফ্রান্সিস কস্তা প্রথম আলোকে বলেন, ‘বড়দিনের প্রস্তুতি হিসেবে আমরা নিজের হৃদয়মন্দিরকে যেমন প্রস্তুত করি, ঠিক সেভাবেই আমাদের উপাসনালয়কেও সাজিয়ে তুলি। মূলত আমাদের আধ্যাত্মিক প্রস্তুতির বহিঃপ্রকাশ ঘটে গির্জাঘর সাজানোর মাধ্যমে।’
দোকানগুলোতে বড়দিনের পণ্য: বড়দিন উপলক্ষে শহরের দোকানিরাও নানা পণ্যের পসরা সাজিয়েছেন। এ চিত্রের দেখা মেলে রাজধানীর বড় গির্জা তেজগাঁও জপমালা রানি ধর্মপল্লিতে। সারা বছরই এখানে খ্রিষ্টধর্ম-সংশ্লিষ্ট সামগ্রীর দোকান থাকে। তবে বড়দিন উপলক্ষে দোকান ভরে গেছে হরেক রকমের পণ্যে।