গির্জার জমি না নিতে সরকারের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে একটি গির্জার জমিতে আদালত ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন। ওই জমি রক্ষার জন্য প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছে আহ্বান জানিয়েছেন এসব সংগঠনের নেতারা।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, জাতীয় চার্চ পরিষদ, বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘ, ন্যাশনাল খ্রিষ্টিয়ান ফেলোশিপ অব বাংলাদেশ এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চার্চ অব বাংলাদেশের সমন্বয়ক পল শিশির সরকার। ১২ জানুয়ারি আইনমন্ত্রী আনিসুল হক বরিশাল জেলা জজ আদালত চত্বরের একটি জমিতে মুখ্য মহানগর হাকিম আদালতের ১১তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খ্রিষ্টান সম্প্রদায়ের দাবি, ওই সম্পত্তি সেন্ট পিটার চার্চের। এখানে প্রায় ৫২ শতাংশ জমির একটি পুকুর ছিল। গত ১১ এপ্রিল পুকুরটি ভরাট করে জেলা আইনজীবী সমিতি। সেখানে আইনজীবী সমিতি এখন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে।
গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও। তিনি বলেন, বরিশাল সেন্ট পিটার চার্চ প্রায় ২০০ বছরের পুরোনো। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এই গির্জার পুকুরটি রাতের আঁধারে বালু ফেলে দখল করা হয়। এর বিরুদ্ধে পরদিন খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন মানববন্ধন করলে সেখানে হামলা চালানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ওই দখলের প্রতিবাদে গির্জার পক্ষ থেকে আদালতে যাওয়া হয়। বরিশাল জেলা প্রশাসনের একটি কমিটিও তদন্ত করে বলেছে ওই জমি চার্চের। তারপরও আইনমন্ত্রী ওই জমিতে ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর প্রতিবাদে সব গির্জায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, ব্যক্তিগতভাবে লাভবান এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি স্বার্থান্বেষী মহল এ কাজ করছে। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। এভাবে গির্জার জায়গা দখল হয়ে গেলে সাধারণ মানুষ কোথায় ভরসা পাবে? গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী বলেন, সংখ্যালঘুদের জন্য এটি অসম্মানের। সরকারের উচিত দ্রুত এই জমি গির্জাকে ফেরত দেওয়া।
নথিপত্র ঘেঁটে জানা যায়, ১৯১৮ সালের ১৪ নভেম্বর বরিশাল নগরের প্রাণকেন্দ্রে প্রায় আড়াই একর সম্পত্তি সরকার গির্জা স্থাপনের জন্য হুকুম দখল নেয়। বর্তমানে সেটিই সেন্ট পিটার চার্চ বলে পরিচিত। ওই চার্চের পূর্বপাশে খনন করা একটি সংরক্ষিত পুকুর জরিপ ও খতিয়ানে চার্চের নামে রেকর্ড হয়।
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি নরবার্ট নিপু অধিকারী বলেন, ১৯৭৯ সালে জেলা জজ আদালতের এক প্রভাবশালী কর্মচারী তৎকালীন জেলা জজ শেখ খোরশেদ আলীর মাধ্যমে চার্চের পুকুরটির উত্তর-দক্ষিণ দিক থেকে সীমানাপ্রাচীর তুলে পুকুরটি জেলা জজ আদালত চত্বরের ভেতরে নিয়ে নেন।