গির্জার ফাদারের বিচার দাবি নিহতের স্বজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলার একটি গির্জায় ‘শয়তান তাড়ানোর’ নামে এক সাঁওতাল নারীকে নির্যাতন করে হত্যার ঘটনায় ওই গির্জার ফাদারেরও দায় রয়েছে বলে অভিযোগ করেছেন নিহত ব্যক্তির স্বজনেরা। এ ঘটনায় ফাদার মাইকেল কুড়াইয়ার বিচারের দাবি জানিয়েছেন নিহত ব্যক্তির গ্রামের আদিবাসীরাও।
গত মঙ্গলবার সন্ধ্যায় মুন্ডুমালা মিশন ‘সাধুজন মেরি ভিয়ান্নী’ গির্জায় চিকিৎসার নামে সাঁওতাল নারী ফুলমনি মুরমুকে (৬০) লাঠি দিয়ে পেটানোসহ নানাভাবে নির্যাতন করা হয়। এতে ফুলমনি মারা যান। এ ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার নিহত ব্যক্তির গ্রাম চুনিয়াপাড়ায় গেলে ফুলমনির মেয়ে আরতি মার্ডি কান্না করতে করতে জানান, নির্যাতনের সময় তিনি নিজেও সেখানে ছিলেন। কিন্তু নির্যাতনকারীরা তাঁকে মায়ের কাছে ঘেঁষতে দেয়নি। তিনি এর সঙ্গে জড়িত গির্জার ফাদারের বিচার দাবি করেন।
এ সময় উপস্থিত সাত-আটজন গ্রামবাসী জানান, গির্জার বারান্দায় যখন ফুলমনিকে রাক্ষস (শয়তান) তাড়ানোর নামে নির্মম নির্যাতন করা হচ্ছিল তখন সেখানে ফাদার মাইকেল কুড়াইয়া উপস্থিত ছিলেন। তাঁকে নির্যাতন বন্ধ করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তিনি বলেছেন, অসুবিধা নেই, মন্দ আত্মা দূর হলেই ফুলমনি ভালো হয়ে যাবেন।
ফুলমনি মুরমুকে গির্জায় নিয়ে যাওয়ার সময় সঙ্গে ছিলেন বলে দাবি করেন আরতির প্রতিবেশী মান্ডবি কর্মকার। তিনি বলেন, ‘নির্যাতনের সময় ফাদার গির্জার ভেতরে ছিলেন। আমি গিয়ে তাঁকে নির্যাতন বন্ধের জন্য অনুরোধ করি। তিনি বারান্দায় এসে ঘুরে যান কিন্তু নির্যাতন বন্ধের কোনো কথা বলেননি। আমরা পুলিশের কাছে ফাদারের নামে অভিযোগ করতে চেয়েছি। পুলিশ আমাদের কথা শোনেনি। ফাদারকে গ্রেপ্তারও করেনি।’
ফুলমনির আরেক মেয়ে শেফালি মার্ডির স্বামী বরেন হেমব্রম মুঠোফোনে নির্যাতনের কথা জানতে পেরে শাশুড়িকে বাঁচাতে যান। কিন্তু নির্যাতনকারীরা তাঁকে মারধর করে তাড়িয়ে দেয়। শেফালি ও বরেন জানান, গির্জায় ফাদারের উপস্থিতিতেই সব ঘটনা ঘটেছে।
তানোর উপজেলার পারগানা পরিষদের সভাপতি দুববিন কিসকু বলেন, যেহেতু গির্জার বারান্দায় এ ঘটনা ঘটেছে। ফাদার উপস্থিত থাকায় এর দায় তিনি এড়াতে পারেন না।
মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, আসামির তালিকায় গির্জার ফাদারের নাম নেই। তবে এজাহারে তাঁর নাম আছে। তদন্তে দায় প্রমাণিত হলে তাঁকেও অভিযুক্ত করা হবে।
এ ব্যাপারে ফাদার মাইকেল কুড়াইয়া প্রথম আলোকে বলেন, ‘আমার সামনে নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। গির্জা থেকে প্রার্থনা সেরে আমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি। গির্জায় কী ঘটেছে জানি না। সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য আমার নাম জড়ানো হচ্ছে। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে।’