রাজশাহীর তানোরে অশুভ শক্তি তাড়ানোর নামে ফুলমনি মুর্মু (৬০) নামের এক সাঁওতাল নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় এবার সংবাদ সম্মেলন করে গির্জার ফাদারের শাস্তি দাবি করেছেন নিহত নারীর দুই মেয়ে।
গতকাল বুধবার বেলা একটার দিকে স্থানীয় বেসরকারি সংস্থা ব্রতর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফুলমনি মুর্মুর মেয়ে শেফালী মার্ডি ও আরতী মার্ডি এই দাবি করেন। এর আগে প্রথম আলোর কাছেও একই দাবি জানিয়েছিলেন দুই মেয়েসহ ফুলমনির স্বজন ও আদিবাসী নেতারা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে দাবি করা হয়, ‘ফাদারের নির্দেশেই আমার মা ফুলমনি মুর্মুকে ঝাড়ফুঁকের নামে পিটিয়ে হত্যা করা হয়েছে। যখন নির্যাতন করা হচ্ছিল তখন আমরা বারবার ফাদারকে বলেছি, আমার মাকে হাসপাতালে নিয়ে যাব, আমার মাকে বাঁচতে দাও। কিন্তু ফাদার মাইকেল কোড়াইয়া বলেন, ওর আত্মার মাঝে অশুভ শক্তি ভর করেছে। চিন্তার কোনো কারণ নেই, ভালো হয়ে যাবে।’
সংবাদ সম্মেলনে আদিবাসী নেতারা বলেন, গির্জায় ফাদারের উপস্থিতি ও সম্মতিতে সাঁওতাল নারীকে ‘শয়তান তাড়ানোর নামে’ পিটিয়ে হত্যার দায় এড়াতে পারেন না তিনি। তাই ফাদার মাইকেল কোড়াইয়াকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী শাখার সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার এবকা, তানোর শাখার সভাপতি কর্নেল মার্ডি, সাংগঠনিক সম্পাদক রিপন মুরম, ব্রতীর প্রোগ্রাম অ্যান্ড মনিটরিং কর্মকর্তা আব্দুল জলিল খান প্রমুখ।