গির্জায় বাড়তি সতর্কতা, সন্ধ্যার পর বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায় তেজগাঁও চার্চ l প্রথম আলো
সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায় তেজগাঁও চার্চ l প্রথম আলো

রাজধানীর অধিকাংশ গির্জায় গতকাল রোববার সন্ধ্যার পর সব অনুষ্ঠান বন্ধ করা হয়। নিজ নিজ গির্জা কর্তৃপক্ষ নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয় বলে একটি গির্জার প্রতিনিধি প্রথম আলোকে জানান। তবে পূর্বঘোষণা ছাড়া গির্জা বন্ধ করায় সন্ধ্যার পর অনেকে
ফিরে যান।
রমনা সেন্ট মেরিস চার্চের ফাদার খোকন ভিনসেন্ট গোমেজ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বড়দিনের রাত সাড়ে আটটা পর্যন্ত গির্জা সবার জন্য উন্মুক্ত রাখার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু সন্ধ্যার পর মানুষের ঢল নামে। এ ভিড় আর সামলানো যাচ্ছিল না। আবার বিকেলে একটি মুঠোফোনও চুরি হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই গির্জা কর্তৃপক্ষ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গির্জা বন্ধের সিদ্ধান্ত নেয়। এরপর ফটক বন্ধ করে দেওয়া হয়।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে ওই গির্জার সামনে শতাধিক মানুষের ভিড় দেখা যায়। সাভার থেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেছিলেন সাথী রিথিল। গির্জায় ঢুকতে না পেরে তিনি প্রথম আলোকে বলেন, সন্ধ্যার পর গির্জা বন্ধ হবে—এমন তথ্য তাঁর জানা ছিল না। নিরাপত্তার জন্য বড়দের ঢুকতে না দিলেও ছোটদের ঢুকতে দিলে ভালো হতো।
গির্জার সামনে দায়িত্বরত রমনা থানার উপপরিদর্শক মো. আক্কাস বলেন, নিরাপত্তা দিতে পুলিশের কোনো সমস্যা নেই। গির্জা কর্তৃপক্ষ বন্ধের সিদ্ধান্ত নিলে পুলিশের কিছু করার থাকে না। এ সময় তিনি জনতার ঢল সামলাচ্ছিলেন।
জানতে চাইলে সিলভিয়া গোমেজ নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, গির্জার মূল উপাসনা হয় বড়দিনের আগের রাতে ও বড়দিনের দিন সকালে। রাতে গির্জায় তেমন কোনো উপাসনা থাকে না। তবে অনেকেই সন্ধ্যার পরও পরিবারসহ গির্জায় বেড়াতে আসেন। সেটা রীতিমতো মিলনমেলায় পরিণত হয়।
রমনার মতো তেজগাঁও এলাকার গির্জাও সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হয়। সেখান থেকেও অনেককেই ফিরে যেতে দেখা যায়। অনেকে ফটকের সামনে দাঁড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টাও করেন।
যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, রাজধানীর সব গির্জায় পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ধ্যার পর গির্জা বন্ধে পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। শুধু আতশবাজি না ফোটানোর নির্দেশনা ছিল। তিনি বলেন, প্রার্থনা শেষ হয়েছে, তাই হয়তো গির্জা কর্তৃপক্ষ এটা করেছে।