গির্জায় যাওয়ার সেই রাস্তা দখলমুক্ত হয়নি
মেহেরপুরের মুজিবনগরের বল্লভপুর পূর্বপাড়ার গির্জায় যাওয়ার সেই সরকারি রাস্তাটি এখনো দখলমুক্ত হয়নি। সম্প্রতি স্থানীয় সালিসে জমি মাপজোখ করে রাস্তা দখলমুক্ত করাসহ সীমানা নির্ধারণী খুঁটি পুঁতে দেওয়া হয়েছিল। তবে দখলদারপক্ষ সালিসের সিদ্ধান্ত না মানায় বিষয়টি এখনো ঝুলে রয়েছে।
দখলদার ও গ্রামবাসীর মধ্যে বিরোধ এবং দুই পক্ষের পাল্টাপাল্টি মামলার ঘটনায় এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তা ছাড়া রাস্তার দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করে।
জানা গেছে, বল্লভপুর পূর্বপাড়ার গির্জা ও মাতৃসদনে যাওয়ার জন্য ৬০ বছরের পুরোনো রাস্তা হঠাৎ করে গ্রামের সুশীল মণ্ডল (কেলু ডাকালা) বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেললে এলাকায় উত্তেজনা শুরু হয়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে গ্রামের ৬০টি পরিবার। গির্জা ও মাতৃসদনে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়।
এ নিয়ে গত ২০ নভেম্বর প্রথম আলোয় ‘মুজিবনগরে সরকারি রাস্তা দখল, ৬০ পরিবার অবরুদ্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর ১০ দিন পর মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে তদন্ত করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেন। কিন্তু জেলা প্রশাসন দীর্ঘদিনেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। প্রতিবেদনে বলা হয়, বল্লভপুর মৌজার আরএস খতিয়ানভুক্ত ২৮২৭, ২৮২৮, ২৮২৯ দাগের ৩০০ ফুট দীর্ঘ রাস্তাটি সরকারি বলে উল্লেখ করেন। রাস্তাটির প্রস্থ ১২-১৬ ফুট।
এলাকাবাসী জানান, জমি মাপজোখ করে আগের চেয়ে বেশি জমি রাস্তার অনুকূলে পাওয়া গেছে। তাই দখলদারপক্ষ চেয়ারম্যানের মীমাংসা মানতে চাইছে না। সুশীল মণ্ডলের মেয়ে শোভা মণ্ডল জানান, এসএ রেকর্ডে রাস্তার পুরো জমি তাঁদের। কিন্তু আরএস রেকর্ডে জমিটি রাস্তা হিসেবে দেখানো আছে। তাই আদালতে রেকর্ড সংশোধনীর মামলা করেছেন তাঁরা।
গির্জার পুরোহিত সুখেন সরকার জানান, সুশীল মণ্ডল জাল দলিল করে রাস্তাসহ বাড়ির জমি নিজের দাবি করছেন। প্রকৃতপক্ষে পুরো জমিটি খাস ও অর্পিত সম্পত্তি। দখলদারপক্ষ মিথ্যা মামলা দিয়ে রাস্তার পক্ষের লোকজনকে হয়রানি করছে। তাঁকেও মামলার আসামি করা হয়েছে।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়ুব হোসেন জানান, তিনি আরএস রেকর্ড অনুযায়ী জমি মেপে খুঁটি পুঁতে এসেছেন। দখলদারপক্ষ সেই মাপজোখ মানলে সবকিছুর সমাধান হয়ে যায়। কিন্তু দখলদারেরা তা মানতে নারাজ। তাই বিষয়টি অমীমাংসিত অবস্থায় রয়েছে।
জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন, বিষয়টি নিয়ে একপক্ষের দায়ের করা আরএস রেকর্ড সংশোধনীর একটি মামলা বিচারাধীন থাকায় প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা ঠিক হবে না।
তবে আইনজীবী শহীদুল ইসলাম বলেন. আরএস রেকর্ডেও ওই জায়গাটি রাস্তার জায়গা হিসেবে রেকর্ড রয়েছে। আর রেকর্ড সংশোধনের মামলায় আদালত কোনো স্থিতাবস্থা দেননি।