গিয়াস কাদেরের অপরাধ তদন্তে ট্রাইব্যুনাল
বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্তে নেমেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সংস্থার দুই সদস্যের একটি তদন্ত দল এ-সংক্রান্ত সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে কাজ করছে।পাশাপাশি তদন্ত দলটি জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর অপরাধের সাক্ষ্যপ্রমাণ সংগ্রহেও কাজ করছে বলে জানা গেছে। এ ছাড়া তারা সাক্ষীদের নিরাপত্তার বিষয়ও খোঁজখবর নিচ্ছে।মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে। চট্টগ্রামে আসা দলটির নেতৃত্ব দিচ্ছেন ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা এএসপি নূরুল ইসলাম। এ ছাড়া চট্টগ্রামে অবস্থান করে তদন্ত কার্যক্রম সার্বিকভাবে সহযোগিতা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত। এএসপি নূরুল ইসলাম বলেন, ‘আমরা কয়েক দিন চট্টগ্রামে থাকব। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দুজনের সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে আমরা কাজ করব। এ ছাড়া চট্টগ্রামের সাক্ষীদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব।’মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নেতা মীর কাসেম আলী বর্তমানে কারাগারে আছেন। আর বিএনপির কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বর্তমানে মুক্ত থাকলেও তাঁর বড় ভাই বিএনপির আরেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ চলছে।