গিয়াস কাদেরের গাড়িবহরে হামলার অভিযোগ
বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর গাড়ির বহর। এ সময় ভাঙা কাচের আঘাতে গাড়ির আরোহী বিএনপির দুজন আহত হন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় রাউজানের মুন্সিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
গতকালের এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার কোনো নমুনা পায়নি বলে দাবি করেছে।
হামলায় আহত দুজন হলেন বিএনপির কর্মী ইউসুফ তালুকদার ও ইকবাল। তাঁরা দুজনই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর গাড়িতে ছিলেন। তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমাদের বহরের দুটি গাড়ি রাউজানের মুন্সিঘাট এলাকা অতিক্রম করছিল। এ সময় আওয়ামী লীগের সশস্ত্র তিন সন্ত্রাসী আমাদের গাড়িবহরে হামলা চালায়। এতে আমাদের দুজন আহত হন।’
চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘গাড়িবহরে হামলার খবর পেয়ে রাউজান থানার পুলিশ দ্রুতগতিতে মুন্সিঘাটায় যায়। সেখানে হামলার কোনো নমুনা পাওয়া যায়নি। অথচ গাড়ি ভাঙচুরের কথা বলা হলেও ভাঙা কাচও মেলেনি বলে ওসি আমাকে জানিয়েছেন।’
রাউজান উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত আনোয়ার হোসেনের পক্ষে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী গতকাল প্রচারণা ও গণসংযোগ চালাতে গিয়েছিলেন।