বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের (গিকা) চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলায় বিচার শুরু হয়েছে। গতকাল রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। আদালত আগামী ৩ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সুভাষ বড়ুয়া বাদী হয়ে গত বছরের ৩০ জুলাই মামলাটি করেছিলেন।
চট্টগ্রাম জেলার সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে জানান, সাবেক মন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন। মামলার অন্য আসামি ইউনুস তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০১৩ সালের ২৬ জুলাই রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগরে স্থানীয় বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করে। আগের দিন রাতে দুর্বৃত্তরা ইফতার মাহফিলের প্যান্ডেল ভাঙচুর করে। পরদিন সংবাদ সম্মেলন করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সাবেক মন্ত্রী হাছান মাহমুদকে দায়ী করেন। জলবায়ু তহবিলের টাকা লুটপাটের অভিযোগ এনে হাছান মাহমুদকে দুর্নীতিবাজ বলে উল্লেখ করেন।
পরদিন পাল্টা সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ। ৩০ জুলাই সুভাষ বড়ুয়া বাদী হয়ে আদালতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা করেন।