গিয়াসউদ্দিন মোল্লা বাদ পড়লেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য নিয়োগ পাওয়া জাতীয় মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্যপদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্লাকে বাদ দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিরূপা দেওয়ান। গতকাল রোববার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এ বিষয়ে জানতে গিয়াসউদ্দিন মোল্লার সঙ্গে গতকাল রাতে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। গত বছরের ১৯ ডিসেম্বর অধ্যাপক মোল্লার বিরুদ্ধে একজন ছাত্রী যৌন হয়রানির অভিযোগ আনার পর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সব ধরনের কর্মকাণ্ড থেকে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেন, ‘সরকার কোন পদে কাকে বসাবে, কাকে সরাবে—সেটি একান্তই সরকারের ব্যাপার। এখানে ব্যক্তিগত সম্পর্কের কোনো ভূমিকা নেই। এ ছাড়া ওই শিক্ষকের সঙ্গে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমার দ্বন্দ্ব নেই।’ ২২ জুন মানবাধিকার কমিশনে একজন চেয়ারম্যান ও পাঁচজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল।