গিয়াসউদ্দিনের বিরুদ্ধে আ.লীগ নেতার জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তাজিম বাবু বাদী হয়ে এই জিডি করেন।জিডিতে তাজিম বাবু অভিযোগ করেন, ২০ সেপ্টেম্বর রেবন মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। নির্বাচনে তিনি অভিভাবক প্রতিনিধি প্রার্থী (স্কুল শাখা)। এতে কলেজ শাখায় অভিভাবক প্রতিনিধি পদে পাঁচজন ও স্কুল শাখায় চারজন লড়ছেন। অভিভাবকদের ভোটে দুটি শাখায় দুজন করে নির্বাচিত হবেন। কিন্তু কয়েক দিন ধরে নির্বাচন উপলক্ষে গিয়াসউদ্দিন ও তাঁর লোকজন নানা অপতৎপরতা চালাচ্ছেন। নিজের অনুগত লোকদের গুরুত্বপূর্ণ পদে বসাতে রাতের অন্ধকারে তিনি প্রচুর অর্থ ব্যয় করছেন। বিষয়টি জানার পর তাজিম বাধা দেন। এতে গিয়াসউদ্দিন ক্ষিপ্ত হয়ে মুঠোফোনে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন, অন্যথায় তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেন।জিডিতে গিয়াসউদ্দিন ছাড়াও সিদ্ধিরগঞ্জের আটি এলাকার মনির হোসেন ও সুরুজ আহাম্মদের নাম রয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম বলেন, জিডিতে নির্বাচনে অবৈধ হস্তক্ষেপ ও হত্যার হুমকির অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কথা বলার জন্য গিয়াসউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।