গিয়াসকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্র মোরছালিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিন ও তাঁর দুই ছেলে আদালতে হাজির হয়ে গতকাল সোমবার স্থায়ী জামিনের জন্য আবেদন করেন। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মালিক আবদুল্লাহ আল আমীন শুনানি শেষে তাঁদের আবারও ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে নির্দেশ দেন।
এদিকে একই সময়ে মোরছালিন হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন সিদ্ধিরগঞ্জ এলাকাবাসী।
মোরছালিন শহরের এরিবস ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভান্ডারী, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ইশরাত জাহান প্রমুখ। বক্তারা বলেন, স্কুলছাত্র মোরছালিনকে নৃশংসভাবে হত্যা করার পর লাশ গিয়াস উদ্দিন ও তাঁর ছেলেরা তাঁদের মালিকানাধীন বিদ্যালয়ের পুকুরে ফেলে রাখেন। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। তাঁরা অবিলম্বে গিয়াস উদ্দিনসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গতকাল জানান, মোরছালিন হত্যা মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
এ ব্যাপারে কথা বলতে সিআইডির নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) এহসানউদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
গিয়াস উদ্দিনের পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, স্থায়ী জামিন চাইতে মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং তাঁর দুই ছেলে মো. ফয়সাল ও মো. সামরিল জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হন। আদালত তাঁদের জামিন শুনানি না করে পুনরায় তা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দেন। আজ মঙ্গলবার তাঁরা আবার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন চাইবেন।
গত ১৫ সেপ্টেম্বর উচ্চ আদালতের একটি বেঞ্চ থেকে সাবেক ওই সাংসদ ও তাঁর তিন ছেলে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। কাল বুধবার উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হচ্ছে।
গত ২৫ আগস্ট সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় অবস্থিত মুহাম্মদ গিয়াস উদ্দিনের মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠান গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজের পুকুর থেকে মোরছালিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসাইন ভান্ডারী সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিন, তাঁর তিন ছেলে ফয়সাল, সাদরিল এবং সানবিরসহ মোট ১৪ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।