গীত গেয়ে নবান্ন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালকা কুয়াশার মাঝে হিমেল হাওয়া। কনকনে শীতে রাস্তা-ঘাটে মানুষজনের উপস্থিতি খুবই কম। শীতের সকালের এমন প্রতিকূল পরিবেশে গ্রাম্য পথ ধরে হাঁটছে একদল বালিকা। তাদের খোঁপায় ফুল, পরনে লাল পাড়ের হলুদ শাড়ি, কাঁখে কলস আর কণ্ঠে গীত। তারা যাচ্ছে সর্পিল আকারে বয়ে যাওয়া পুনর্ভবা নদীর তীরে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাবুরঘোন গ্রামে নবান্ন উৎসবের আনুষ্ঠানিকতা পালন করতে এই যাত্রা। নদীর তীরে পৌঁছে আবার বালিকারা দলবেঁধে গীত গাইল। তাদের সঙ্গে যোগ দিলেন কয়েকজন নারী। অন্যরা মাজল থালা-বাসন। কেউ কেউ কলস ভরল পানি দিয়ে। গীত গাইতে গাইতেই ফিরল তারা হাসিমুখে। এমন দৃশ্য দেখা গেছে গতকাল শুক্রবার গোমস্তাপুর উপজেলার পুনর্ভবা নদীর তীরে অবস্থিত বাবুরঘোন গ্রামে। নবান্ন উৎসব উদ্যাপনের জন্য তাদের এই রংবেরঙের আয়োজন। এ গ্রামে গতকাল নতুন ধানের চালের আটা দিয়ে নানা রকমের পিঠা-পুলি দিয়ে নবান্নের উৎসব উদ্যাপন করা হয়।
পিঠা-পুলি তৈরির আয়োজন করা হয় বাবুরঘোন গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগমের বাড়িতে। গ্রামের নারীরা ব্যস্ত পিঠা-পুলি তৈরিতে। আর বালিকার দল তাঁদের পাশে দাঁড়িয়ে গাইছিল একের পর এক গীত। বিলুপ্তপ্রায় এসব গীত গ্রামের নানি-দাদি ও মা-খালাদের কাছ থেকে সংগ্রহ করা। এর বেশির ভাগই বিয়ের। তবে আছে নবান্নের উৎসবে পিঠা-পুলি তৈরি, ধান ভানা, নদীতে কলসি কাঁখে পানি নিয়ে আসা ও থালা-বাসন মাজার গান। আছে নারীর দুঃখ-কষ্টের গীতও।
মমতাজ বেগম বলেন, ‘মেয়েলি গীতের ঐতিহ্য রক্ষার পাশাপাশি গ্রামের শিশু শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার জন্য আমরা এসব করছি। গ্রামের শিশুদের মাঝেই আরও অনেক দিন টিকে থাকবে বিলুপ্তপ্রায় এসব গীত। এসব করে জনপ্রিয়তাও যেমন পাওয়া যাচ্ছে তেমনি আসছে বাধা। তবে অনেক মেয়েই বাবা-মাকে বুঝিয়ে অনুষ্ঠানে যোগ দিয়ে নাচ-গান করেছে। এটাই আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের সার্থকতা।’