গীতাঞ্জলির শত বছর পূর্তিতে মৌলভীবাজারে দুই দিনব্যাপী আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী গ্রন্থ গীতাঞ্জলি প্রকাশনার শত বছর পূর্তিতে মৌলভীবাজারে চলছে দুই দিনব্যাপী নানা আয়োজন। গীতাঞ্জলি শতবর্ষ উদ্যাপন পরিষদ মৌলভীবাজার এ আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার ছিল অনুষ্ঠানের প্রথম দিন।মঙ্গল শোভাযাত্রা, শিশু-কিশোর প্রতিযোগিতা, আলোচনা, গান ও নৃত্যে দিন কেটেছে। এ উপলক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তন ও এর প্রাঙ্গণটি উচ্ছল ছিল রবীন্দ্রপ্রেমী ও শিল্প-সাহিত্যের নানা অঙ্গনের লোকজনের উপস্থিতিতে।সকালে ছিল শোভাযাত্রা, দুপুরে শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের মধ্যে নৃত্য, গান ও আবৃত্তির প্রতিযোগিতা। সন্ধ্যায় সাইফুর রহমান মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নেছার আহমদ। আলোচনা করেন শান্তনু কায়সার, মিহির কান্তি চৌধুরী ও মাহফুজুর রহমান। উদ্যাপন পরিষদের প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান।এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সংগীত পরিবেশন করেন রানা সিনহা, মহীজ্জামান চৌধুরী ও স্থানীয় শিল্পীরা। একক নৃত্য পরিবেশন করেন তাবাসসুম আহমদ। এ ছাড়া সান্ত্বনা দেবীর পরিচালনায় মণিপুরি শিল্পীরা এবং সুমনা সরকার ও প্রদীপ নাহার পরিচালনায় স্থানীয় শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।আজ শুক্রবার একই স্থানে বিকাল চারটা থেকে শুরু হবে আলোচনা সভা, গান ও নৃত্যের অনুষ্ঠান।