গীতিকার জাকারিয়ার স্মৃতিচারণা
নিভৃতচারী গীতিকার মুহম্মদ জাকারিয়ার স্মরণে গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হয়ে গেল এক স্মৃতিচারণা ও স্মরণানুষ্ঠান।
‘শুরু হলে শেষ আছে, শেষেরও তো অবশেষ রয়’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর শুভাকাঙ্ক্ষী, বন্ধুজন ও পরিবার। ২০১২ সালের ৫ জানুয়ারি মাত্র ৫৫ বছর বয়সে পরপারে পাড়ি জমান এই গুণী ব্যক্তিত্ব।
অনুষ্ঠানের শুরুতে লাল বাউল খেলাঘর আসর খুলনার খুদে শিল্পীরা মুহম্মদ জাকারিয়ার লেখা সমবেত সংগীত পরিবেশন করে। এরপর শুরু হয় স্মৃতিচারণা।
স্মৃতিচারণা করেন সংগীত পরিচালক শাহ আলম বাদল, বাংলাদেশ বেতারের সাবেক ঘোষক আবদুস সবুর খান চৌধুরী, অধ্যাপক ও গবেষক গোলাম মোস্তফা সিন্দাইনি প্রমুখ। তাঁরা মুহম্মদ জাকারিয়ার সৃজনশীলতা ও মানবিক গুণাবলি তুলে ধরে খুলনায় মুহম্মদ জাকারিয়া স্মৃতি পরিষদ গড়ে তোলার আহ্বান জানান।
এরপর ‘হৃদয়ের গভীরে প্রেম’ নামে একটি আলেখ্য অনুষ্ঠান ভিডিওচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। সেখানে মুহম্মদ জাকারিয়ার কথায় জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম, সুবীর নন্দী, শাকিলা জাফর, সৈয়দ আব্দুল হাদী, নিলুফার ইয়াসমীন, শাম্মী আখতারের গাওয়া গানের অংশবিশেষ দেখানো হয়।
আলেখ্য অনুষ্ঠানে জানানো হয়, ১৯৮৭ সালে মুহম্মদ জাকারিয়া বিমানবাহিনীর জন্য থিম সং ‘স্বদেশের আকাশকে রাখবই মুক্ত আমরা বিমান সেনা’ গানটি লেখেন। ১৯৯৪ সালে তাঁর গবেষণাগ্রন্থ গান রচনার কলাকৌশল প্রকাশিত হয়।
এরপর খুলনার উদীচী শিল্পীগোষ্ঠী মুহম্মদ জাকারিয়ার লেখা গান দলীয়ভাবে পরিবেশন করে। এককভাবে তাঁর লেখা গান পরিবেশন করেন রোজী ইসলাম, এস এম বাহালুল করিম, নাহিদ সুলতানা, শেখ আবদুস সালাম, শারমিন খান ও প্রদীপ রাহা।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাহিম অভি।