গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে লবণ উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার অন্তত তিন হাজার একর জমিতে লবণ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গতকাল জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ নভেম্বর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় লবণ উৎপাদন শুরু হয়েছে। এ এলাকার ৪০ শতাংশ মানুষ লবণ চাষ করে জীবিকা নির্বাহ করে। চাষিরা জমির মালিকের কাছ থেকে আগাম টাকা নিয়ে লবণ চাষ করছেন। লবণ উৎপাদন করতে প্রতি মণে প্রায় ১৮০ থেকে ২০০ টাকা খরচ পড়লেও তা এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা দরে। এতে লবণচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর মধ্যে বৃষ্টি হওয়ায় চাষিরা আরও হতাশ হয়ে পড়েছেন।
হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার নজরুল ইসলাম বলেন, ‘২৫ একর জমিতে লবণ চাষ করছি। গত মঙ্গলবার পর্যন্ত প্রায় ৪০০ মণ লবণ উৎপাদন করি। কিন্তু হঠাৎ গতকাল বুধবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে লবণ উৎপাদন ব্যাহত হচ্ছে।’