গুঁড়ো দুধের বাজার চড়া
দেড় মাসের ব্যবধানে ঢাকার বাজারে গুঁড়ো দুধের দাম দুই দফা বাড়ল। পাইকারি বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়ো দুধের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। আর এভাবে দাম বাড়ায় বিপাকে পড়ছে ক্রেতারা।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গত ১৪ এপ্রিল প্রতি কেজি ডানো দুধের দাম ছিল ৫৭০-৫৮০ টাকা; এখন তা ৫৯৫-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ১৪ এপ্রিল ডিপ্লোমার প্রতি কেজির দাম ছিল ৫৫৫-৫৬০ টাকা; বর্তমানে তা বিক্রি হচ্ছে ৬০০-৬১০ টাকায়। একই দিনে বিক্রি হওয়া ৪৫০-৪৬০ টাকার ফ্রেশ দুধের দাম এখন ৪৯৫-৫০০ টাকা এবং ৪৫০-৪৬০ টাকার মার্কস দুধের দাম ৪৯৫-৫০০ টাকা। এই হিসাবে গত দেড় মাসের ব্যবধানে কেজিপ্রতি ডানো দুধের দাম বেড়েছে ২০-৩০ টাকা, ডিপ্লোমা ৪৫-৫০ টাকা, ফ্রেশ ও মার্কস ৪০-৪৫ টাকা করে।
পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দুধের দাম বেড়েছে আরও বেশি। রাজধানীর খিলগাঁও ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ডানো দুধ বিক্রি হচ্ছে ৬২৫ টাকায়, ডিপ্লোমা ৬৩০, মার্কস ৫৩৪ ও ফ্রেশ ৫৫৭ টাকায়।
খিলগাঁও বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘পাইকারি ব্যবসায়ীরা হঠাত্ করেই গুঁড়ো দুধের দাম বাড়িয়ে দিয়েছেন। তাই আমরাও দাম বাড়াই। এই নিয়ে ক্রেতাদের সঙ্গে কয়েক দিন ধরে বাগবিতণ্ডা হচ্ছে।’ কারওয়ান বাজারের ব্যবসায়ী শাহাদত হোসেন জানান, কোম্পানিগুলো দাম বাড়িয়েছে।
একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মো. লোকমান হোসাইন প্রথম আলো ডটকমকে বলেন, প্রতি মাসেই তাঁর মেয়ের জন্য গুঁড়ো দুধ কিনতে হয়।সম্প্রতি দুই দফা দাম বাড়ানো হয়েছে।তিনি বলেন, ‘২১ মে দুধ কিনতে গিয়ে দেখি ডিপ্লোমা দুধের প্রতি প্যাকেটে ১০ থেকে ১৫ টাকা দাম বেড়েছে।এ নিয়ে দোকানির সঙ্গে কথা-কাটাকাটি হয়।দোকানি জানান, পাইকারি বাজারে গুঁড়ো দুধের দাম বাড়ায় খুচরা দামও বেড়েছে।তাই বেশি দামে দুধ কিনি।এভাবে হুট করে দাম বাড়ানো হলে আমাদের মতো নির্দিষ্ট আয়ের মানুষকে সমস্যায় পড়তে হয়।’
গৃহিণী শম্পা ইসলাম বলেন, ‘কোনো রকম ঘোষণা ছাড়াই হুট করে গুঁড়ো দুধের দাম বাড়ানো হয়।গত ছয় মাসে একাধিকবার দাম বাড়ানো হয়েছে।এতে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়।’
জানতে চাইলে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রথম আলো ডটকমকে বলেন, কোম্পানিগুলো নিয়ম না মেনে দাম বাড়িয়েছে। নজরদারিরও অভাব আছে। হুট করে দাম বাড়ানোর কারণে ভোক্তা জনসাধারণকে বিপাকে পড়তে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের বিপণন ও পরিকল্পনা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তীব্র খরা গেছে। দুধের উত্পাদন হয়েছে কম। সরবরাহ কম হওয়ায় গুঁড়ো দুধের দাম বেড়েছে।