গুঁড়া হলুদ তুলে নিতে বাধ্য হলো প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বাজার থেকে প্যাকেটজাত গুঁড়া হলুদ তুলে নিতে বাধ্য হলো প্রাণ। প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামালের সই করা এক বিজ্ঞপ্তিতে আজ রোববার জানানো হয়, প্রাণ বাজার থেকে প্যাকেটজাত গুঁড়া হলুদ তুলে নিতে শুরু করেছে।

কামরুজ্জামান বলেছেন, ক্রেতা-ভোক্তাদের মানসম্মত পণ্য তুলে দিতে দায়বদ্ধতা ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বাজার থেকে সব ধরনের গুঁড়া হলুদ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাণ। একই সঙ্গে খুচরা বিক্রেতাদের কাছে মজুত থাকা প্রাণের গুঁড়া হলুদ কোম্পানির প্রতিনিধির কাছে ফেরত দেওয়ার অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের মান নিয়ন্ত্র্রণকারী প্রতিষ্ঠান খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) গত মাসে প্রাণের গুঁড়া হলুদে ২৮ পিপিএম (পার্টস পার মিলিয়ন) থেকে ৫৩ পিপিএম মাত্রা পর্যন্ত সিসা থাকার প্রমাণ পায়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে প্রাণের গুঁড়া হলুদের চার পরিবেশক প্রতিষ্ঠান সে দেশের বাজার থেকে প্রাণের গুঁড়া হলুদ প্রত্যাহার করে নিয়েছে।

এফডিএ বলেছে, গুঁড়া হলুদে থাকা উচ্চমাত্রার সিসা নবজাতক, কমবয়সী শিশু ও গর্ভবতী নারীদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। সিসা শরীরে দীর্ঘদিন পর্যন্ত সঞ্চিত থাকতে পারে। এর পরিমাণ বেড়ে গেলে স্বাস্থ্যগত সমস্যা বিশেষ করে মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত করতে পারে।

প্রাণের বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া গুঁড়া হলুদের কয়েকটি ব্যাচে এফডিএ সিসার উপস্থিতি পাওয়ার পর প্রাণও বিএসটিআই এবং বিসিএসআইআরসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হলুদ পরীক্ষা করিয়েছে। কয়েকটি পরীক্ষায় গুঁড়া হলুদে মাত্রাতিরিক্ত সিসার উপস্থিতি পাওয়া গেছে। আবার কোনো কোনো পরীক্ষায় সিসা পাওয়া যায়নি।

প্রাণের পর্যবেক্ষণ হচ্ছে, দেশের কিছু স্থানে উত্পাদিত হলুদে মাত্রাতিরিক্ত সিসার উপস্থিতি থাকতে পারে, যা হয়তো অন্য এলাকার হলুদে নেই। তবে ক্রেতা-ভোক্তাদেরকে মানসম্মত পণ্য তুলে দিতে দায়বদ্ধতা ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বাজার থেকে সব ধরনের গুঁড়া হলুদ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাণ। এ সিদ্ধান্ত গত ২৩ অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর খুচরা দোকানগুলোতে এখনো পর্যন্ত প্রাণের গুঁড়া হলুদ বিক্রি হলেও কয়েকটি সুপার শপ থেকে এরই মধ্যে এ গুঁড়া হলুদ তুলে নেওয়া হয়েছে।