বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু
গুঁড়াদুধ কোম্পানিগুলোর আগ্রাসন মোকাবিলা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, গুঁড়াদুধের কোম্পানিগুলো আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে শিশুর বাবা-মায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালায়। তারা বলতে চায়, তাদের খাবার খেয়ে শিশু অল্প দিনেই মোটাসোটা হয়ে যাবে। আসলে এ খাবার শিশুর জন্য সুষম খাবার নয়। গুঁড়াদুধের কোম্পানিগুলোর এই আগ্রাসন মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। মায়ের বুকের দুধই শিশুর জন্য সবচেয়ে ভালো খাবার।বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। আজ বুধবার থেকে ৭ আগস্ট পর্যন্ত পালিত হবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এবারের মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য ‘সবার জানা কথাগুলোই বলতে হবে আবার, মায়ের দুধই সকল শিশুর সবচেয়ে ভালো খাবার।’স্বাস্থ্যমন্ত্রী জানান, বিকল্প শিশুখাদ্য বিপণন আইনের চূড়ান্ত খসড়া শিগগির মন্ত্রিসভায় উত্থাপিত হবে।মায়ের বুকের দুধের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুকে মায়ের বুকের শালদুধ খাওয়ানো হলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মৃত্যুহার কমে। তাই এর চেয়ে ভালো জিনিস আর কিছু হতে পারে না। শিশুর ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ এবং এর পর দুই বছর বয়স পর্যন্ত ঘরের তৈরি বাড়তি খাবার ও মায়ের বুকের দুধ খাওয়াতে হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর, জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান মাতৃদুগ্ধ সপ্তাহ পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আজ বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শিশুখাদ্য বাজারজাত ও প্রস্তুতকারী কোম্পানিগুলোর যেকোনো ধরনের অনুষ্ঠানে চিকিৎসক, নার্স ও পেশাজীবীদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘এ কোম্পানিগুলোকে এড়িয়ে না চলে বরং তাদের অনুষ্ঠানে যোগ দিয়ে সঠিক তথ্য জানাতে হবে। তাদের অনুষ্ঠানে গেলেই যদি কেউ ভাবে চিকিৎসক বা সংশ্লিষ্টরা তাদের পক্ষের হয়ে গেল, তাহলে তারা আসলে লেখাপড়াই জানে না।’সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান এস কে রায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।