গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কর্দমাক্ত রাস্তাঘাট
টানা সাড়ে সাত ঘণ্টার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সিলেট নগরের গুরুত্বপূর্ণ সড়ক কাদায় একাকার হয়ে গেছে। রাস্তায় কর্দমাক্ত হয়ে পড়ায় পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখা সূত্র জানায়, হঠাৎ করেই বৃষ্টি হওয়ায় রাস্তায় জমে থাকা ধুলাবালিতে পানি পড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের শেখঘাট, লালদীঘির পাড়, মহাজনপট্টি, কাষ্ঠঘর, লালবাজার, ব্রহ্মময়ীবাজার, কাজীরবাজার, বন্দরবাজার, তালতলা, সেনপাড়া, রায়নগর, বাগবাড়ী, হাউজিং এস্টেটসহ অন্তত ২৫টি গুরুত্বপূর্ণ এলাকার সড়ক কাদায় থিকথিক করছে।
নগরের লালদীঘির পাড় এলাকার পাইকারি বাজারের ক্রেতা আনহার মিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘পুরো এলাকা কাদায় থিকথিক করছে। রাস্তা-ফুটপাত সর্বত্র কাদা। ঠিকমতো হাঁটাচলা পর্যন্ত করা যাচ্ছে না। অথচ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কোনো তৎপরতা চোখে পড়ছে না।’
মহাজনপট্টি এলাকার ব্যবসায়ী ফারুক মিয়া জানান, ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের রাস্তায় কাদা হওয়ায় দিনভর ক্রেতারা দোকানে কাদামাখা পা নিয়ে প্রবেশ করেছে।
ভুক্তভোগী কয়েকজন নগরবাসী জানান, শুষ্ক মৌসুমে সিলেটে গতকালই প্রথম বৃষ্টি হয়। সকাল সাতটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত স্থায়ী এ বৃষ্টিতে রাস্তাঘাটে জমে থাকা ময়লা ও ধুলা পানিতে মিশে কাদার সৃষ্টি হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী প্রথম আলোকে বলেন, ‘বিগত সিটি করপোরেশন নির্বাচনের আগে প্রতিটি ওয়ার্ডে রাস্তা ও নর্দমা সংস্কারসহ উন্নয়নমূলক কাজের দরপত্র আহ্বান করা হয়েছিল। সেই সময় তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হবে—এমন শঙ্কায় সংশ্লিষ্ট ঠিকাদারেরা কাজ বন্ধ রেখেছিলেন। সেসব কাজ আবার শুরু হয়েছে। তবে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় নগরজুড়ে কর্দমাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’