গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই সড়ক অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই কিশোরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক যান ও লোক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার ও মেরামতের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সড়কগুলো মেরামতের জন্য একাধিকবার পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কাজ হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কগুলোতে খানাখন্দে কাদাপানি মিশে একাকার হওয়ায় যানবাহন চলাচল ও স্বাভাবিক লোক চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ খড়মপট্টি সড়ক, বত্রিশ-বড়বাজার মোড়, গাইটাল-শ্রীনগর সড়ক, বত্রিশ নূরানী সড়ক, নিউটাউন সড়ক, কাটাখালী সড়ক, তারাপাশা সড়ক, হারুয়া কলেজ রোড, গাইটাল-শ্রীনগর সড়ক, রাখুয়াইল ও কলেজ-ফিশারি লিংক সড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ইট-সুড়কি, ধুলাবালি মিশে গিয়ে কর্দমাক্ত অবস্থার সৃষ্টি হওয়ায় লোকজন চলাচল করতে পারছে না। তা ছাড়া রিকশা ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে। সড়কগুলোর অনেক স্থানেই কাদায় সাইকেল, মোটরসাইকেল, রিকশা আটকে গিয়ে যানজটের সৃষ্টি করছে। এসব কাদাপানি ভেঙে অধিকাংশ মানুষ জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে যেতে উৎসাহ বোধ করছে না। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বিড়ম্বনার শিকার হয় বলে তিন-চার দিন বিদ্যালয়ে যায়নি। নগুয়া এলাকার বাসিন্দা আনোয়ার কামাল জানান, নূরানী এতিমখানা সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চার দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কাদাপানিতে একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হতে মন চায় না।এলাকার গৃহিণী রেবেকা সুলতানা জানান, ‘এমনিতেই ভাঙাচোরা সড়কে স্বাভাবিক চলাচল দুরূহ। তার ওপর বৃষ্টি হওয়ায় কাদাপানিতে সড়কগুলোর অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। কাদাপানিতে পিছলে পড়ার ভয়ে আমার ছেলেকে দুই দিন প্রাইভেট টিউটরের কাছে পাঠাইনি।’ পৌর কমিশনার নজরুল ইসলাম জুয়েল জানান, ‘সামান্য বৃষ্টিতেই সড়কগুলোতে পানি জমে যাওয়ায় ভীষণ কর্দমাক্ত অবস্থার সৃষ্টি হয়েছে। সামনের শুষ্ক মৌসুমের আগেই সড়কগুলো সংস্কারের প্রকল্প পৌরসভায় দাখিল করার ব্যবস্থা নেব।’ পৌর মেয়র আবু তাহের মিয়া জানান, সড়কগুলোর দৈন্য দশার সত্যতা স্বীকার করে বলেন, ‘ইতিমধ্যে নগুয়া ও চর শোলাকিয়া-নীলগঞ্জ সড়কের কাজ শুরু হয়েছে। ক্রমান্বয়ে অন্য সড়কগুলোও সংস্কার ও মেরামত করা হবে। আমাদের আর্থিক সংকট রয়েছে। অর্থপ্রাপ্তি সাপেক্ষে ক্রমান্বয়ে সবগুলো সড়কেরই সংস্কার ও উন্নয়ন করা হবে। আশা করি, আগামী এক বছর পর সমস্যার সমাধান হবে এবং পৌরবাসীর কোনো অভিযোগ থাকবে না।’