গুঁড়িয়ে দেওয়া চিমনি পুনঃস্থাপন করে আবার ভাটা চালু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় গ্রামে অবৈধভাবে গড়ে তোলা একটি ইটভাটার ড্রাম চিমনি গত ২৪ ডিসেম্বর গুঁড়িয়ে দেয় প্রশাসন। ওই ড্রাম চিমনি পুনঃস্থাপন করে আবারও ভাটাটি চালু করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল আলমের নেতৃত্বে ২৪ ডিসেম্বর বিকেলে ‘বি-১৩ ব্রিকস’ নামের ওই ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ভাটার ড্রাম চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইটভাটার মালিক বজলার রহমানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ নিয়ে পরের দিন ২৫ ডিসেম্বর প্রথম আলোয় ‘গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটার ড্রাম চিমনি’ শিরোনামে খবর প্রকাশিত হয়। ভেলাতৈড় গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ২৪ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট ও পুলিশ চলে যাওয়ার পরপরই ভাটার লোকজন গুঁড়িয়ে দেওয়া চিমনি পুনঃস্থাপন করে আবারও ভাটা চালু করে। গত শনিবার সরেজমিনে দেখা গেছে, বি-১৩ ব্রিকস ইটভাটায় ড্রাম চিমনি দিয়ে কাঠ পুড়িয়ে ইট তৈরির কাজ চলছে। ইটভাটার মালিক বজলার রহমান বলেন, ‘ভাটার আগুন নিভে গেলে আবার জ্বালাতে অনেক টাকা খরচ, তাই আগুনটা যেন নিভে না যায়, সে ব্যবস্থা করতে চিমনিটা আবার উঠিয়ে দিয়েছি। তবে প্রশাসনের অনুমতি পাওয়ার চেষ্টা চালাচ্ছি।’পরিবেশ অধিদপ্তরের রংপুর অঞ্চলের কর্মকর্তা সুকুমার সাহা বলেন, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সব বেআইনি ইটভাটার বিরুদ্ধে তাঁরা ব্যবস্থা নেবেন।