গুঁড়িয়ে দেওয়া বসতভিটা আগলে বসবাস
ভেঙে গুঁড়ো করে ফেলা মাটির দেয়ালের যেটুকু অবশিষ্ট আছে, তাতে ফুটে উঠেছে আদিবাসী গৃহবধূর হাতে আঁকা নকশা। দুমড়ে-মুচড়ে পড়ে আছে ঘরের টিনের চালা। গত ৩১ মার্চ সকালে বিনা নোটিশে রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকার মাহালে পল্লীর ওই বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে ছয়টি আদিবাসী পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালায় দখলদারেরা।
দখলদারেরা বলছেন, তাঁদের কাছে আদালতের ডিক্রি রয়েছে। তবে জেলা প্রশাসন বলছে, এটি সরকারের ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি। সরকার ওই ডিক্রির বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে উচ্ছেদের পর গত ২১ দিন ধরে পরিবারগুলোর সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। তাদের সহযোগিতায় কেউ এগিয়ে আসেনি।
গতকাল রোববার দুপুরে মাহালীপাড়ায় গিয়ে দেখা গেছে, বাড়িঘরের ধ্বংসস্তূপের পাশেই খোলা আকাশের নিচে বাস করছে ছয়টি আদিবাসী পরিবার। একটি পরিবারের চুলায় ফুটছে ডাল আর কয়েক টুকরো আলু। এটিই পাঁচ সদস্যের পরিবারটির দুপুরের খাবার। চুলার পাশে দুটি কাঠের চৌকির ওপর রোদ পড়েছে। ওই চৌকিতেই রাতে ঘুমায় পরিবারের সদস্যরা।
চুলায় জ্বালানি দিতে ব্যস্ত গৃহবধূ বলেন, ‘আমার ছেলেটা এইচএসসি পরীক্ষা দিচ্ছে। ঘরে খাবার নেই। সন্ধ্যায় পড়ার জন্য আলো নেই। আজ ২১ দিন আমরা ভিটে ছেড়ে কোথাও যেতে পরছি না। ঘরের চাল-ডাল সব নষ্ট করে দিয়ে গেছে। আমরা কীভাবে বেঁচে আছি কেউ খোঁজ নেয়নি।’ একপর্যায়ে ওই পল্লীর পুরুষ সদস্যরা সবাই এসে জড়ো হলেন। কিন্তু কেউ আর কথা বলতে রাজি হলেন না। ওই গৃহবধূও নিজের নামটি বললেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানোরের ওই মাহালে পল্লীতে জহন হাঁসদা, লগেন মুর্মু, কবিরাজ মুর্মু, আনজিলা টুডু, সমুরা টুডু এবং লতিয়া কিস্কু ৩০ বছর ধরে ওই জমিতে বাড়িঘর তুলে বাস করে আসছিলেন। এটি একটি ভিপি সম্পত্তি।
২০১১ সালের ৩১ মে ওই আদিবাসীরা তানোরের সহকারী কমিশনারের কাছ থেকে ১৪১৮ বাংলা সন পর্যন্ত পাঁচন্দর মৌজার সরকারের ভিপি সম্পত্তির ৮৪ নম্বর দাগের ৩২ শতাংশ জমির ডিসিআর কেটে নেন।
এদিকে রাজশাহী পশ্চিম জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল কাদের, তাঁর চাচা ফজলুর রহমান এবং এসতাব আলী ওই জমির মালিকানা দাবি করে ২০০৩ সালে তানোর সহকারী জজ আদালতে মামলা করেন। ওই ব্যক্তিদের বাড়ি মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর গ্রামে। ওই মামলায় ২০১৩ সালের ডিসেম্বর মাসে আদালত থেকে তাঁরা একতরফা ডিক্রি পান।
এরপর গত ৩১ মার্চ আবদুল কাদের তাঁর লোকজন এবং পুলিশ নিয়ে ওই জমিতে থাকা বসতবাড়ি ভাঙচুর করে ছয়টি আদিবাসী পরিবারকে উচ্ছেদ করেন। ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের অভিযোগ, তাঁদের কোনো নোটিশ না দিয়েই আকস্মিকভাবে উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ওই দিনই বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মাহালে পল্লীর পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানতে চাইলে রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘এটা আমাদের অর্পিত সম্পত্তি। যাঁরা আদালতের ডিক্রি পেয়েছেন তাঁরা মামলায় সরকারকে বিবাদী করেননি। এ জন্য তাঁরা একতরফা ডিক্রি পেয়েছেন। এ ব্যাপারে জেলা প্রশাসন মামলার প্রস্তুতি নিচ্ছে।’ তিনি ভুক্তভোগী পরিবারগুলোর জন্য সহযোগিতার আশ্বাস দেন।