গুঁড়িয়ে দেওয়া হলো কৃষকের ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি গ্রামে হামলা চালিয়ে এক কৃষকের বসতঘর গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ হামলায় দুজন আহত হয়েছেন। জমি দখলের উদ্দেশ্যে একটি আবাসন প্রতিষ্ঠান গত শুক্রবার গভীর রাতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিরা হলেন: ওই বসতঘরের মালিক মুসা আকনের ভাই জাহাঙ্গীর (২৫) ও দেলোয়ার (৩০)। জানা গেছে, মুসা আকনের সঙ্গে লেক্সাস ডেভেলপার নামের একটি আবাসন প্রতিষ্ঠানের গঙ্গামতি মৌজার ১৯ নম্বর খতিয়ানের ৩৯৩ নম্বর দাগের ১ একর ৩৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। ২০ দিন আগে গভীর রাতে মুসা আকনের পরিবারটিকে উচ্ছেদের লক্ষ্যে তাঁদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় মুসা ওই সময় কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মুসা আকন অভিযোগ করেন, শুক্রবার দিবাগত রাত আনুমানিক একটার সময় ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় আতঙ্কিত হয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা যে যে দিকে পারেন ছুটতে থাকেন। এর মধ্যে সন্ত্রাসীরা তাঁর বসতঘরটি ভেঙে গুঁড়িয়ে দেয়। আবাসন প্রতিষ্ঠানটি তাঁর বাড়ির জমি দখলে নিতে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এ হামলা চালিয়েছে। লেক্সাস ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক মো. বেল্লাল হোসেন হামলা চালানোর অভিযোগ মিথ্যা দাবি করে জানান, তাঁরা ক্রয়সূত্রে ওই জমির মালিক। দখল ছেড়ে দিতে বললে বিরোধ দেখা দেয়। স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে তাঁকে ভয়ভীতি দেখানোসহ চাঁদা দাবি করেছেন মুসা আকন। এ নিয়ে তিনি মামলা করেছেন। এ বিষয়ে মুসা আকন বলেন, ‘জমির মালিক আমি। আবাসন প্রতিষ্ঠানটি অংশীদারদের কাছ থেকে কিছু জমি কিনেছে। আমার জমি আমি বিক্রি করি নাই।’