গুঁড়িয়ে দেওয়া হলো ভূমিহীনের ঘরটি
খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে গতকাল রোববার সকালে সন্ত্রাসীরা ভূমিহীন দিনমজুর তানজিদ মোড়লের (৩০) ঘরটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাঁচ-ছয়টি মোটরসাইকেলে ১০-১২ জন লোক এসে শহীদ গাজীর ছেলের বউ নাসরিন বেগমকে সঙ্গে নিয়ে তানজিদের বাড়িতে যান। এ সময় তাঁদের সঙ্গে শহীদ গাজীও ছিলেন। নাসরিন ঘর থেকে তানজিদের স্ত্রী ছালমা বেগমকে (২৫) মারতে মারতে টেনে বের করে আনেন। এরপর বাকি লোকজন তাঁদের বাড়িঘর ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে শহীদ গাজী ও নাসরিনকে আটক করে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ডুমুরিয়া থানার সামনে একসময়ের প্রমত্তা ভদ্রা নদী ভরাট হওয়ায় কয়েক শ মানুষ বাড়িঘর তৈরি করে সেখানে বসবাস করছে। বছর তিনেক আগে আরাজী ডুমুরিয়া গ্রামের ভূমিহীন দিনমজুর তানজিদ মোড়ল দক্ষিণ চিংড়া গ্রামের শহীদ গাজীকে (৫০) ১০ হাজার টাকা দিয়ে ১৫ শতাংশ জমি বুঝে নেন। এর পর থেকে তানজিদ স্ত্রী ও এক ছেলেসহ সেখানে ঘর বেঁধে বসবাস করে আসছিলেন। এদিকে জমির দাম বাড়ায় শহীদ গাজী কিছুদিন আগে তানজিদকে ওই জমি ফেরত দিতে চাপ দেন। কিন্তু দুই বছর আগে ডুমুরিয়া ভূমি কার্যালয় থেকে জমিটি একসনা বন্দোবস্ত নেন তানজিদ। গতকাল সকালে তানজিদ খুলনায় গিয়েছিলেন।ছালমা বেগম অভিযোগ করেন, ‘আমরা টাহা দিয়ে জমি নিয়ে কয় বছর ধরে এহিনি বাস কত্তিছি। আর দুই বছর ধরে ভূমি অফিসিত্তে ডিসিআর কাটি। আজকে আমার স্বামী যহন বাড়িত নাই, তহন শহীদ গাজী মস্তান ভাড়া করে আনে আমাগে বাড়িঘর ভাঙেচুরে দেছে। আমারে মাত্তি মাত্তি ঘরেত্তে বাইর করে দেছে।’থানা হাজতে দাঁড়িয়ে শহীদ গাজী বলেন, ‘তানজিদ আমার জমিতে থাকত। অনেক দিন ধরে উঠতি কচ্ছি। কিন্তু না উঠায় ভাঙ্গি দিছি।’ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘ওই ঘটনায় শহীদ গাজী ও নাসরিনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’