গুইমারা থানা আ.লীগের সভাপতি অপহূত প্রতিবাদে সড়ক অবরোধ
আওয়ামী লীগের খাগড়াছড়ি জেলার গুইমারা থানার সভাপতিকে অপহরণের প্রতিবাদে গতকাল সোমবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত খাগড়াছড়ি-চট্টগ্রাম,খাগড়াছড়ি-ফেনী-ঢাকা সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। দল-মতের ঊর্ধ্বে এসে গুইমারা এলাকার বাসিন্দারা বিক্ষোভে অংশ নেন। আওয়ামী লীগ জেলা শাখার নেতা কংজরী চৌধুরী অভিযোগ করেন, চাঁদার দাবিতে একটি আঞ্চলিক সংগঠন তাঁকে অপহরণ করেছে।জানা যায়, গত রোববার বেলা দুইটায় মাটিরাঙ্গা উপজেলা বাইল্যাছড়ি এলাকা থেকে আওয়ামী লীগের গুইমারা থানার সভাপতি জাহাঙ্গীর আলমকে (৫০) অপহরণ করে দুর্বৃত্তরা। তিনি মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে গুইমারায় ফিরছিলেন। তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলের চালক হারুনকেও অপহরণ করা হয়।অপহরণের প্রতিবাদে বিক্ষোভকারীরা সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-ফেনী-ঢাকা সড়ক অবরোধ করে রাখেন। পরে গুইমারা বাজারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের জেলা শাখার নেতা কংজরী চৌধুরী ও বিএনপির থানা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।অপর দিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তথ্য ও প্রচার শাখার সদস্য নিরন চাকমা বলেন, আওয়ামী লীগের গুইমারা থানার সভাপতিকে অপহরণের সঙ্গে তাঁর দল জড়িত নয়।