গুইমারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী ও ভাসুর আটক
খাগড়াছড়ির গুইমারা উপজেলার ডাক্তার টিলা এলাকায় গতকাল রোববার সকালে লিপি দে (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী উজ্জ্বল দে ও ভাসুর লিটন দেকে আটক করেছে।
লিপি রানী দের বড় ভাই যিষু কান্তি দে মুঠোফোনে অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজনই লিপিকে হত্যা করেছে। তিনি বলেন, ছয় বছর আগে গুইমারার উজ্জ্বলের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাঁর বোনকে শারীরিক নির্যাতন করা হতো বলে তিনি অভিযোগ করেন। এ নিয়ে কয়েকবার গ্রাম্য সালিস হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে লিপি রানীর অসুস্থতার কথা বলে তাঁর স্থানীয় এক পল্লি চিকিৎসককে বাড়িতে ডেকে আনেন। পরে অচেতন অবস্থায় লিপিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক লিপিকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক রাজর্সী চাকমা জানান, হাসপাতালে আনার আগেই লিপির মৃত্যু হয়। তাঁর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।
গুইমারা থানার উপপরিদর্শক মো. ইয়াছিন বলেন, ‘ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য লিপি দের স্বামী উজ্জ্বল দে ও ভাসুর লিটন দেকে আটক করা হয়েছে।’