গুইসাপটি অবমুক্ত করল বন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিন বাড়ির উঠানে দড়ি দিয়ে বেঁধে রাখার পর অবশেষে গুইসাপটিকে বনে অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সকালে বন বিভাগের কর্মকর্তারা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১১ মাইল এলাকায় সংরক্ষিত বনের ভেতরে এটি অবমুক্ত করেন।
গত শুক্রবার হাটহাজারীর পূর্ব মন্দাকিনী গ্রামের কয়েক ব্যক্তি নাজিরহাট হালদা নতুন সেতু-সংলগ্ন এলাকা থেকে গুইসাপটি ধরেন। এ নিয়ে ‘দড়ি দিয়ে বাঁধা গুইসাপ’ শিরোনামে গত শনিবার প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর বন বিভাগের নাজিরহাট রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন গুইসাপটি উদ্ধারের জন্য নাজিরহাট ফরেস্ট কার্যালয়ের কর্মকর্তা মো. আবদুল হাকিমকে নির্দেশ দেন। আবদুল হাকিম রোববার সকালে অসুস্থ অবস্থায় সাপটি উদ্ধার করেন। সাপটি টানা দুই দিন দড়ি দিয়ে বাঁধা ছিল। পরে তিনি গুইসাপের চিকিৎসার ব্যবস্থা করেন।
সাপটি আটকে রাখা পূর্ব মন্দাকিনী গ্রামের সাহাবুদ্দিন ওরফে রানা বলেন, ‘আমরা সাপটি ধরে চরম অন্যায় করেছি। সাপ আমাদের প্রকৃতিতে অবদান রাখে। এটি না জেনেই করা হয়েছে। আর হবে না।’
বন বিভাগের নাজিরহাট রেঞ্জ কর্তকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, গুইসাপটি বনে অবমুক্ত করা হয়েছে।