সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বাতিল না করলে ১৯ ডিসেম্বর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হবে বলে ঘোষণা দিয়েছে ‘সচেতন সিলেটবাসী’।
গুচ্ছ পদ্ধতি বাতিল করে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত সচেতন সিলেটবাসী গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ফটকে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি শেষে হরতাল ঘোষণা করা হয়।
সচেতন সিলেটবাসীর আহ্বায়ক নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না দিলে ১৯ ডিসেম্বর সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।’
অবস্থান কর্মসূচিতে রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের অভিভাবকসহ ২১টি সামাজিক সংগঠনের নেতারা একাত্ম হন। অবস্থান চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন রেজাউল হাসান কয়েস লোদী।