সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বাতিলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন সিলেটের বিশিষ্টজন।
গত শুক্রবার রাতে সিলেটের সার্কিট হাউসে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা এ আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় নিজস্ব অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হয় দেশের বিশ্ববিদ্যালয়গুলো। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে সরাসরি কোনো নির্দেশনা দিতে পারে না সরকার।
তবে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এরই মধ্যে মেডিকেল ও ডেন্টাল কলেজে একই সঙ্গে সমন্বিত ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং এটি সব মহলের প্রশংসাও পেয়েছে। একইভাবে সবগুলো বিশ্ববিদ্যালয় একসঙ্গে ভর্তি পরীক্ষা আয়োজন করলে তাও সব মহলের কাছে গ্রহণযোগ্য হবে। শাহজালাল বিশ্ববিদ্যালয় ও যশোর বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ভর্তি পরীক্ষা আয়োজনের যে পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে সিলেটবাসীর মধ্যে নানা প্রশ্ন সৃষ্টির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেওয়া উচিত।
শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা আরশ আলী, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্গীকার বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য মইনুদ্দিন আহমদ জালাল, বাসদের উজ্জ্বল রায়, নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমর বিজয় সী শেখর প্রমুখ।