সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বাতিলের দাবিতে উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় সিলেটের বিশিষ্টজনদের নেতৃত্বে দুটি দল এ স্মারকলিপি দেয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি বছর যৌথভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ পদ্ধতি বাতিলের দাবি জানান সিলেটের বিশিষ্টজনেরা।
এ দলে রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গৃহীত ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে সিলেটের সর্বস্তরের মানুষ ও সচেতন দেশবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক ও অরাজনৈতিক সবাই এর প্রতিবাদ করছেন।
বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব অধ্যাদেশবলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সরকার ও সংশ্লিষ্ট সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জবাবদিহির মুখোমুখি করে তুলেছে। কারও জন্য মঙ্গলজনক নয় বলেই ওই পদ্ধতি বাতিল করে আগের পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যুক্তিসংগত।