গুচ্ছগ্রামে আগুন, এক শিশু নিহত
নেত্রকোনার আটপাড়া উপজেলায় একটি আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামে আগুন লাগার ঘটনায় ফাতেমা আক্তার নামের দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান।
আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার তেলিগাতি ইউনিয়নের পূর্ব আতিয়র গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফাতেমা গুচ্ছগ্রামের বাসিন্দা এরশাদ মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে গুচ্ছগ্রামের একটি ব্যারাকে আগুন লাগে। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ১০ কক্ষের ওই ব্যারাকের একটি কক্ষে থাকা শিশু ফাতেমা অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়। ব্যারাকটিতে ১০টি পরিবার বাস করত। গুচ্ছগ্রামটিতে মোট পাঁচটি ব্যারাকে ৫০টি পরিবার বাস করে।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক নির্মল চন্দ্র সরকার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি নিহত ওই শিশুটির দাফন-কাফনের জন্য ১৫ হাজার টাকা ও ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের রাতের খাবারের জন্য এক হাজার টাকা করে সাহায্য দিয়েছেন।
মুশফিকুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ঘরগুলো দ্রুত ঠিক করে দেওয়া হবে।