গুজব ইস্যুতে আর কিছু বলেননি সৈয়দ আশরাফ
দায়িত্ব থেকে অপসারণ নিয়ে সৃষ্ট গুজবের ব্যাপারে আর কিছু বলেননি স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল বুধবার সারা দিন চেষ্টা করেও গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে তাঁর মন্তব্য জানতে পারেননি।
এর আগের দিন মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুপস্থিত থাকায় সৈয়দ আশরাফুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠলে ওই দিন সন্ধ্যায় বিষয়টিকে তিনি গুজব বলে অভিহিত করেন। এতে কান না দেওয়ারও পরামর্শ দেন।
মঙ্গলবার সন্ধ্যা থেকে সৈয়দ আশরাফ তাঁর নিজ জেলা কিশোরগঞ্জে অবস্থান করছেন। এদিন থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত দলীয় ইফতার মাহফিল ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যদের একটি পরিচিতি সভায় অংশ নেন তিনি। বাকি সময় তিনি শহরের খড়মপট্টির বাড়ি ও সদর উপজেলার বীরধামপাড়া গ্রামের পৈতৃক বাড়িতে অবস্থান করেন।
গতকাল সকালে শহরের বাড়ি থেকে সৈয়দ আশরাফ চলে যান গ্রামে পৈতৃক নিবাসে। সেখান থেকে বেলা পৌনে একটায় শহরের বাড়িতে ফেরেন। এ সময় গাড়ি থেকে নেমে দ্রুত বাড়িতে ঢোকেন তিনি। প্রস্তুতি সত্ত্বেও তখন তিনি গার্ড অব অনার নেননি। অপেক্ষমাণ নেতা-কর্মীদের সঙ্গেও কুশল বিনিময় করতে দেখা যায়নি তাঁকে। ওই সময় বাড়ির প্রধান ফটক আটকে রাখা হয়।
ওই সময় চেষ্টা করেও গণমাধ্যমকর্মীরা তাঁর দৃষ্টি আকর্ষণ বা বাড়ির ভেতরে ঢুকতে পারেননি। পরে পরিবারের সদস্যদের অনুমতি নিয়ে একপর্যায়ে ভেতরে ঢুকলেও সৈয়দ আশরাফ দেখা দেননি। ঘণ্টা খানেক বাড়িতে থেকে বেলা পৌনে দুইটায় দ্রুত ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠে তিনি চলে যান সার্কিট হাউসে। সেখানকার মিলনায়তনে ওই পরিচিতি সভায় অংশ নেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সৈয়দ আশরাফ প্রধান অতিথি হিসেবে প্রায় ১৫ মিনিট বক্তব্য দেন। বক্তব্যে তিনি কিশোরগঞ্জের উন্নয়ন ও রাজনীতি নিয়ে কথা বললেও তাঁকে নিয়ে চলা গুজবের বিষয়ে কিছু বলেননি।
সভায় সৈয়দ আশরাফ বলেন, ভবিষ্যতে বর্তমান সংবিধানের অধীনেই নির্বাচন হবে। খালেদা জিয়া যদি আগের মতো এ নির্বাচনেও অংশ না নেন, তাহলে এ দেশে বিএনপির অস্তিত্ব থাকবে না। এদিকে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ শেষে গতরাতেই তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল।