গুজব, চোরাগোপ্তা হামলা চলছেই

সাতক্ষীরা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের কালীগঞ্জের দিকে রওনা দিয়ে মাত্র পাঁচ কিলোমিটার যেতেই থেমে যেতে হলো। বাঁকাল চেকপোস্টের কাছে পৌঁছাতেই মুঠোফোন বেজে উঠল। কালীগঞ্জ থেকে একজন শুভানুধ্যায়ীর ফোন। জানালেন, কালীগঞ্জের পথে না এলেই ভালো হয়। এখনো চোরাগোপ্তা হামলা হচ্ছে। কয়েক জায়গায় আবারও গাছ কেটে অবরোধ করা হয়েছে সড়ক। তিনি জানালেন, বুধবার রাতেও দেবহাটার ঈদগাঁ বাজারে চোরাগোপ্তা হামলা চালিয়ে তিনটি দোকানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।
বাঁকাল চেকপোস্টের সামনে থেকে রাস্তাটি দুই ভাগ হয়ে একটি কালীগঞ্জের দিকে এবং অন্যটি ভোমরা বন্দরের দিকে চলে গেছে। এ দুই রাস্তার মোড়ে তখন দাঁড়িয়ে ছিল যৌথ বাহিনীর একটি গাড়িবহর। ছয়টি গাড়িতে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা। মোড়ের চায়ের দোকানে কথা হলো বিজিবির গাড়িচালক ও পুলিশের একজন হাবিলদারের সঙ্গে। তাঁরা জানান, ভোর চারটা থেকে বেশ কয়েকবার ভোমরা বন্দর পর্যন্ত টহল দিয়ে এসেছেন।
স্বাভাবিক সময়ে ভোমরা বন্দরের পথে শত শত ট্রাক চলাচল করে। গতকাল সেই সড়কে শিশুরা খেলছিল। মাঝেমধ্যে দু-একটি সাইকেল, মোটরসাইকেল, ইঞ্জিনচালিত ট্রলি ও ভ্যান চলছিল।
আলীপুর বাজারের কাছে এসে থামতেই জানা গেল, কাছাকাছি কোথাও গুলি চলছে। উপস্থিত কেউ কেউ টিপ্পনি কাটতে শুরু করেন। পাশ দিয়ে সাইকেলে করে চলে গেলেন চার যুবক। তাঁদের একজন বললেন, ‘অভিযানের পুঙ্গায় পুঙ্গায় (পেছন পেছন) সাংবাদিক আসে।’
ভিড় থেকে একজন আমাদের ডেকে নিয়ে বললেন, একটু সতর্ক হয়ে চলাফেরা করেন। সাইকেলে চলে যাওয়া ওই যুবকেরা জামায়াত-শিবিরের কর্মী। জানালেন, জামায়াত-শিবিরের কর্মীরা সারাক্ষণই পথে পথে পাহারা দিচ্ছেন। সুযোগ পেলে গাড়ি ভাঙচুর করছেন। গাছ কেটে অবরোধ করছেন। রাস্তায় টায়ার পুড়িয়ে আতঙ্ক তৈরি করছেন। যৌথ বাহিনীর বহর দেখলে পালিয়ে যাচ্ছেন।
এরপর তিন কিলোমিটার পথ যেতে যেতে কয়েকটি গাড়িতে ভাঙচুরের চিহ্ন দেখা গেল। মাহমুদপুর বাজার পেরিয়ে গাংনি পৌঁছে খবর পাই, সাতক্ষীরার শহরতলী রহিচপুরে যৌথ বাহিনীর অভিযানের সময় একজন নিহত হয়েছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে নিশ্চিত হওয়া গেল, নিহত নয়, গুলিবিদ্ধ হয়েছেন জামায়াতের কর্মী আমিনুর রহমান ওরফে লাভলু।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানালেন, রাস্তা কাটা হচ্ছে শুনে যৌথ বাহিনীর একটি দল রহিচপুরে যায়। পথে তাদের বাধা দেয় জামায়াত-শিবিরের সশস্ত্র একটি দল। একপর্যায়ে যৌথ বাহিনী গুলি ছুড়তে বাধ্য হয়। এ সময় ওসি নিজে ও সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান চোট পান। যৌথ বাহিনী জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে।
আতঙ্কের জনপদ সাতক্ষীরা অবশ্য গুজবের জনপদও। যে যার সুবিধামতো গুজবকে ব্যবহারও করছে। এ অভিযানের ঘণ্টা দুয়েক পর জামায়াত-অধ্যুষিত আগরদাঁড়ি এলাকায় ঘুরতে গিয়ে তা টের পাওয়া গেল। ওই এলাকায় খবর ছড়ানো হয়েছে, রহিচপুরে জামায়াতের তিন কর্মী নিহত হয়েছেন। রাস্তায় তেমন লোকজন দেখা না গেলেও এই গুজবের প্রতিক্রিয়া যে হয়েছে, তা বোঝা গেল ভাদড়াবাজার ছাড়িয়ে যাওয়ার পর। এখানে বিশাল একটি গাছ কেটে পথ অবরোধ করা হয়েছে। এ পথে যাওয়া যায় সীমান্তবর্তী বৈকারি পর্যন্ত। এ এলাকায় জামায়াতের স্থানীয় শীর্ষ নেতাদের বাড়ি। এখান থেকেই নির্যাতিত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে শহরে আশ্রয় নিয়েছেন।
সাতক্ষীরা শহরের তিন কিলোমিটার দূরের কদমতলা মোড় থেকে বৈকারি পর্যন্ত পুরো এলাকাতেই জামায়াতের একাধিপত্য। ওই এলাকায় যাওয়ার আগে কয়েকজন সতর্ক করে দিয়েছিলেন, যেন সাংবাদিক পরিচয় প্রকাশ না করি।
কদমতলা থেকে কয়েক কিলোমিটার দূরে বাবুলিয়া ফুটবল মাঠের কাছে গিয়ে দেখা গেল, কেটে দেওয়া রাস্তা পুনর্নির্মাণ করা হয়েছে। আরও একাধিক জায়গায় রাস্তা কাটা দেখা গেল। শহরের মানুষ এখনো এ এলাকায় যাওয়ার সাহস করছে না। অথচ ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে ওই এলাকায় যেতে হয়।
পোলট্রি ব্যবসায়ী জি এম নূরুল ইসলাম বললেন, সাতক্ষীরা শহরের মানুষ এখনো তিন বর্গকিলোমিটারের মধ্যে আটকা পড়ে আছে। একটি বড় মুরগির খামারের মালিক নূরুল বাংলাদেশ পোলট্রি খামার মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, অবরোধের আগে তাঁর খামারে মাসে দুই লাখ মুরগির বাচ্চা ফুটানো হতো। এ মাসে মাত্র হাজার বিশেক বাচ্চা ফুটানো হয়।
নূরুল ইসলামের সঙ্গে আলাপের সময় খবর এল, ‘সেনা মোতায়েন’ হয়েছে সাতক্ষীরায়। শুনেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। তবে পরে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানা গেল, ‘সেনাবাহিনী এসেছে শীতকালীন মহড়া দিতে।’
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ২৯ দিন ধরে প্রকাশ করা গণমাধ্যমের খবরে দেখা যায়, এই জেলায় পিটিয়ে, কুপিয়ে বা জবাই করে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে হত্যা করেছে জামায়াত-শিবির। এ ছাড়া অবরোধকারীদের কেটে ফেলা গাছের নিচে পড়ে এক নারী নিহত হন এবং স্থানীয় আওয়ামী লীগের এক কর্মীর নয় বছরের শিশুপুত্রকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গুলিতে নিহত হয়েছেন জামায়াত-শিবিরের তিন কর্মী। একই সময়ে হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ৭০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ফলে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছাড়তে শুরু করে। এ পরিস্থিতিতে গত রোববার রাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে সাতক্ষীরায়।