গুজব ছড়িয়ে লাভ নেই যথাসময়ে নির্বাচন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে গুজব ছড়িয়ে লাভ হবে না। যথাসময়েই নির্বাচন হবে। তিনি বলেন, যে সিদ্ধান্ত নিয়েছি তা বাস্তবায়িত হবে।
গতকাল বৃহস্পতিবার দলের ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষ হত্যা বন্ধ করে নির্বাচন ও গণতন্ত্রের পথে আসুন।’ বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন করতে হলে মাঠে নামেন। এভাবে শিশু ও মহিলাসহ সাধারণ মানুষকে বোমা মেরে হত্যা করবেন না। আপনার নাকি হাজার হাজার লক্ষ লক্ষ নেতা-কর্মী, তারা কই?’
শিশুদের বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করছে বলে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, ২০০ টাকা দিয়ে শিশুদের হাতে একটা বোমা ধরিয়ে দেওয়া হচ্ছে। ভিডিও ভাড়া করে ছবি তোলা হচ্ছে।
অবরোধে নাশকতার মধ্যে চাঁদপুরের কৃষক তাজুলের সাহসিকতায় রেল দুর্ঘটনা থেকে ৫০০ যাত্রীর জীবন রক্ষা পাওয়ায় তাঁকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁকে স্যালুট করি।’
সম্প্রতি গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘রাজনৈতিক দলের প্রধান কীভাবে বিশিষ্টজন হন? তাহলে আমরা যারা রাজনীতি করি, তারা কি অবশিষ্ট? তিনি একজন সংবিধানপ্রণেতা হয়েও সংবিধান ভঙ্গের কথা বলছেন। উনি নিজের তৈরি সংবিধান ভাঙার পরামর্শ দিয়ে বিশিষ্ট হয়ে গেলেন?’
গতকাল বেলা তিনটায় সংসদীয় বোর্ডের বৈঠক মুলতবি হওয়ার পর তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, আজ শুক্রবারের মধ্যে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত হবে। তারপর ১৪ দলের সঙ্গে আলোচনা করে প্রার্থীদের নাম ঘোষণা করে হবে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস জানান, গতকাল বিকেল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগ ছাড়া বাকি পাঁচ বিভাগে ১৭৯ জনের প্রার্থিতা নিশ্চিত করা হয়েছে।
শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের সভায় সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।