শিশুমৃত্যুর ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করে কিছু লোক গুজব ছড়িয়ে বান্দরবানের আলীকদমে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে এ ঘটনা ঘটে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। তিন গরু ব্যবসায়ীর লাশ উদ্ধারকে ঘিরে গত দুদিনও আলীকদমে উত্তেজনা ছিল।
পুলিশ সূত্র জানায়, চৈক্ষ্যং ইউনিয়নের ওবায়দুল হাকিম পাড়ায় এক বাড়িতে গতকাল বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাত মাসের এক শিশু দগ্ধ হয়ে মারা যায়। বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে শিশুকে পুড়িয়ে মারা হয়েছে—এলাকায় এমন খবর প্রচার হলে লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আলীকদমের তিন গরু ব্যবসায়ীর লাশ গত সোমবার থানচি থেকে উদ্ধার করা হয়। তাঁদের একজনের বাড়ি ছিল ওবায়দুল হাকিম পাড়ায়।
আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, ওবায়দুল হাকিম পাড়ার ওই বাড়িতে উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে গুজব ছড়ানো হয়। প্রকৃত সত্য হলো চুলার আগুনে বাড়িটি পুড়ে গেছে।
চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম বলেন, গতকাল বেলা তিনটার দিকে আবদুস শুক্কুরের বাড়িতে আগুন দেখা যায়। এ সময় আবদুস শুক্কুর ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। আগুন দেখে বাড়িতে থাকা শুক্কুরের তিন শিশুসন্তান বের হয়ে যায়। কিন্তু সাত মাসের শিশুটি জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা নাহা বলেন, ওই বাড়িতে অগ্নিকাণ্ডের পর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। আলীকদমের পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
উপজেলা সদরের চৌমুহনী এলাকায় গত মঙ্গলবার এক ত্রিপুরা পরিবারের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার করা চারজনকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তিন গরু ব্যবসায়ীর জানাজা শেষে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি ওই বাড়িতে অগ্নিসংযোগ করেন।
এদিকে তিন গরু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান বান্দরবানের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল হক চৌধুরী।