বাজেট আলোচনায় গুজব ছড়িয়ে শেয়ারের দাম বাড়ানোর সমালোচনা করেছেন সাংসদেরা। গুজবের হোতাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ারও দাবি উঠেছে সংসদে।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে গতকাল মঙ্গলবার ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় এসব কথা বলা হয়। সরকারি দলের সদস্য মহিবুর রহমান মানিক বাজেটের ওপর আলোচনায় বলেন, সংবাদপত্রে একটা প্রতিবেদনে বলা হয়েছে, তিন টাকার শেয়ার ১২০ টাকা হয়েছে। তিনি গুজব ছড়িয়ে এভাবে মানুষকে ঠকানোর সমালোচনা করে বলেন, ফাটকাবাজির এই যে ব্যবসা, তা গুজব ছড়িয়ে করা হয়েছে। যে গুজব ছড়িয়ে বাজারকে অস্থির করেছে, তাকে খুঁজে বের করতে হবে। তিনি বাজারকে স্থিতিশীল করতে সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানান।হাফিজ উদ্দিন মজুমদার কালো টাকা সাদা করার বিরোধিতা করে বলেন, বাজেট এলেই কালো টাকার কথা শোনা যায়। কালো টাকার মালিকদের ক্ষমা করার কোনো সুযোগ নেই। এ ধরনের চেষ্টাও যেন কখনো করা না হয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত যেখানে যত টাকা আছে, তা যেন শুধু বিনিয়োগের কাজে লাগানো হয়।পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিস্তা নদীর পানি বণ্টন চুক্তিকে অগ্রাধিকার দিয়েছে। অন্যান্য নদীর পানি বণ্টন চুক্তি সম্পাদনের বিষয়েও ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। আশা করা যাচ্ছে, জুলাই মাসে দুই দেশের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হবে।অপু উকিল প্রধান বিরোধী দলের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী যখন দেশে ইতিবাচক শাসনব্যবস্থার কারণে বিদেশে স্বর্ণপদক পান, তখন বিরোধীদলীয় নেত্রী বিদেশে লবিংয়ের জন্য যান। তবে সেখানে তিনি কারও সঙ্গেই দেখা করার সুযোগ পাননি।বাজেট আলোচনায় অন্যান্যের মধ্যে আরও অংশ নেন আওয়ামী লীগের এ কে এম এ আউয়াল, সাইদুর রহমান, রুবী রহমান, তহুরা আলী, এ বি এম আনোয়ার, মাহাবুব আরা গিনি, জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।