গুজবে কান না দিতে পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে কয়েক দিন ধরে ডাকাত-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসী রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে। এলাকাবাসী জানান, ডাকাতের ভয়ে হবিগঞ্জ সদর উপজেলার আশপাশের গ্রামসহ বানিয়াচং, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার কোনো কোনো গ্রামে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী। কোথাও কোথাও চাঁদা তুলে পাহারাদার নিয়োগ দেওয়া হয়েছে। কোনো কোনো গ্রামে অচেনা মানুষকে ডাকাত সন্দেহে মারধরও করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের আমির হোসেন বলেন, ‘আমরা শুনেছি, গত দু-তিন দিনে ডাকাতেরা হবিগঞ্জের ১০ নারীকে ধর্ষণ ও খুন করেছে। গত মঙ্গলবার আমাদের গ্রামে ডাকাত ঢুকেছে বলে শোনা যায়। এ খবরে রাতে গ্রামের কেউ ঘুমায়নি। যে যার মতো লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র নিয়ে পথে বের হয়। তবে কোথাও কোনো ডাকাত ধরা পড়েনি।’ হবিগঞ্জ শহরতলির উমেদনগর গ্রামের রাশেদ মিয়া জানান, তাঁদের গ্রামের মানুষ চাঁদা তুলে ছয়জন পাহাদার নিয়োগ করেছে। তাঁরা শুনতে পেয়েছেন, মঙ্গলবার এই শহরতলির নিজামপুর গ্রামের লোকজন ডাকাত সন্দেহে এক নিরপরাধ লোককে মারধর করে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। হবিগঞ্জের পুলিশ সুপার কামরুল আমীন বলেন, যা শোনা যাচ্ছে সবই গুজব। কোথাও কোনো ডাকাতি বা নারী নির্যাতনের ঘটনা ঘটেনি। মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়ের পর থেকেই একটি বিশেষ চক্র দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে নানা জায়গায় নানাভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। পুলিশ সুপার আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, গুজবে কান না দিয়ে মানুষ যেন পুলিশের সহযোগিতা নেয়। তিনি গ্রামবাসীকে সংশ্লিষ্ট থানার ওসির মোবাইল নম্বর সংগ্রহের অনুরোধ করেন।