গুজবে কান নয়, আশঙ্কা থাকলে পুলিশই সতর্ক করবে
মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে বা এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশই সচেতন ও সতর্ক করবে। এ নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেবে। যারা এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুক, ইউটিউব, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্যভাবে ছড়ানো জঙ্গিবাদের গুজবকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে একধরনের আতঙ্ক, নিরাপত্তাহীনতা ও বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে পুলিশের কাছে প্রতীয়মান হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শপিং মল, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিস ভবন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য জনসমাগমস্থলে জঙ্গি হামলার খবর নিতান্তই গুজব ও বিভ্রান্তিকর। জঙ্গিবাদের এ ধরনের গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি পুলিশ সদর দপ্তর অনুরোধও জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনাসহ অন্যান্য ঘটনায় পুলিশ সব ধরনের আইনি ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে গুলশান ও শোলাকিয়ার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সহায়ক হবে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জঙ্গিদের বেশ কিছু আস্তানা শনাক্ত করেছে এবং এ বিষয়ে অন্যান্য আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
জঙ্গি কার্যক্রমের জন্য কোনো ব্যক্তি নিখোঁজ থাকলে অথবা কারও বিষয়ে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হওয়া সম্পর্কে সন্দেহ হলে সে বিষয়ে তথ্য নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পুলিশ সদর দপ্তর অনুরোধ জানিয়েছে।
এর পাশাপাশি জনমনে অহেতুক ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, এ জাতীয় কোনো ধরনের গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে পুলিশ। কেউ এ ধরনের গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে জনমনে ভীতি সৃষ্টি ও জননিরাপত্তা বিঘ্নিত করলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।